বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর ঘোষণা

22নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করেছে সরকার।

এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির ওপর জোর দিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশি কর্মী গমনকারী দেশের সংখ্যা ১৬১টিতে উন্নীত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মহিলা আসনের সংসদ সদস্য বেগম পিনু খান এর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ২০১৪ সালের জুলাই হতে গত ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ৪ লাখ ৬১ হাজার ৯৪৬ জন বাংলাদেশি কর্মী বিএমইটি’র মাধ্যমে বিদেশে গমন করেছে।

মন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিগত জোট সরকারের আমলে বিশ্বের ৯৭টি দেশে কর্মী প্রেরণ করা হত। আর বর্তমান সরকারের আমলে নতুন আরও ৬৪টি দেশে কর্মী প্রেরণ করায় বর্তমানে এই সংখ্যা ১৬১টিতে উন্নীত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরো বলেন, নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসে বিদ্যমান শ্রম উইংয়ের সংখ্যা ১৬ থেকে ২৮ এ উন্নীত করা হয়েছে।

এ ছাড়া শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র শ্রমবাজার গবেষণা সেল প্রতিষ্ঠা করা হয়েছে। এ সেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের কর্মীর চাহিদা বিশ্লেষণও নতুন শ্রম বাজার সম্প্রসারণের কাজ চলছে বলে জানান মন্ত্রী।