বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে সংঘাত পরিহার করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

PMনিউজ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

সোমবার পবিত্র মাহে রমজান শুরু উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। বাণীতে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।’

সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।’ মহান আল্লাহর কাছে আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক কমনা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে শুক্রবার জেদ্দা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি মদিনায় রয়েছেন। সেখানে মসজিদে নববিতে নামাজ আদায় ছাড়াও মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।