বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় টার্গেট কিলিং হচ্ছে : আ’লীগ

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় দেশে টার্গেট কিলিং হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ সোমবার দলের প্রচার ও প্রকাশনা উপ পরিষদ আয়োজিত এক সেমিনারে নেতারা এ অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই টার্গেট কিলিং করা হচ্ছে। আর বিএনপি-জামায়াতের ছাত্রছায়ায় এসব হত্যাকাণ্ড ঘটছে।’

203912NASIM-AA-1418290813-620x385
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ পরিষদ চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া আলোচনায় অংশ নেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন দলটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
নার্সদের চলমান আন্দোলনে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘ওরা একটা লাশ চেয়েছিল। নার্সদের এগিয়ে দেয়া হয়েছে। তোমরা আন্দোলন করো, আমরা ব্যবস্থা নিচ্ছি। একটা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারকে আর কোনোভাবে পতন করা যাবে না ভেবেই নিরীহ নার্সদের দিয়ে এই আন্দোলন।’
নাসিম আরো বলেন, ‘ড্যাবের একজন নেতা, এনজিওকর্মী ও বিদেশী একটি গবেষণা সংস্থার একজন কর্মকর্তা ধানমণ্ডির একটি বাসায় বৈঠক করেছিলেন। অর্থের বিনিময়ে আন্দোলন করানো হয়েছিল। সেখানে নার্স ছিল অল্প কয়েকজন। বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ১৯৭৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসায় যেমন জাসদ নামে একটি দল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল, তেমনি তারা সরকার উৎখাতের জন্য একটা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমি থাকতে এ কাজ হতে দিতে পারি না।’
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুসের প্রসঙ্গ তুলে ধরে নাসিম বলেন, ‘১৯৯৬ সালে আমি যখন টেলিযোগাযোগ মন্ত্রী ছিলাম তখন আমাদের ফ্রিকুয়েন্সি অনুযায়ী ৩টা লাইসেন্স দেয়া যেত। মোরশেদ খানের শুধু লাইসেন্স ছিল। আর কাউকে লাইসেন্স দেয়া যেন না যায় তাই মোরশেদ খান মামলা করে রেখেছিলেন। তখন ইউনূস সাহেব গ্রামীণফোনের চেয়ারম্যান ছিলেন। অনেক বার আমার কাছে এসেছিলেন। উনি (ইউনূস) ছিলেন ৪ নম্বর আবেদনকারী। উনার একটা অভ্যাস ছিল উনি মার্কিন কংগ্রেসম্যানদের দিয়ে চিঠি পাঠাতেন। আমাকে একদিন প্রধানমন্ত্রী বললেন, নাসিম ভাই আপনি ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়ে দেন, জ্বালিয়ে মারছেন। আমি উনাকে গ্রামীণফোনের লাইসেন্স দিলাম। সেই লাইসেন্সের বদলে উনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন।’