মোবাইলে বাড়তি শুল্ক প্রত্যাহারে অর্থমন্ত্রীকে চিঠি
নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন সেবার ওপর বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে মোবাইল অপারেটরদের পক্ষে প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক শুল্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা জানান।

সভায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির সভায় বলেন, সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয়া ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক পুরোটাই প্রত্যাহারের দাবি জানান অ্যামটব মহাসচিব। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মোবাইল ফোনের কথা বলার ওপর কোনো কর বা সারচার্জ আরোপ না করার জন্য আমি বাজেটের আগেই অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলাম।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমি অনুরোধ করেছিলাম, এ শিল্পটাকে বেড়ে উঠতে দিই। চিঠিটি আমি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। বাজেট বক্তৃতায় তার প্রতিফলনটা পাইনি। সাংবাদিকদের একটি চিঠি দেখিয়ে তারানা হালিম বলেন, আমি আরেকটি চিঠি ড্রাফট (খসড়া) করেছি, এটা আমি সই করে আজই অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিচ্ছি। অনুরোধ করেছি আমাদের মোবাইলে কথা বলার ওপর যদি এ হারে সারচার্জ আরোপ করা হয় তাহলে ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হবে। তারানা হালিম বলেন, ২০১৬ সালের ১লা জানুয়ারি আমার একটি অঙ্গীকার ছিল পুরো দেশকে মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, আরেকটি ছিল সুলভ করা। আমি সুলভটা করবো কীভাবে।
যদি নতুন করে সারচার্জ আরোপ হয়? তাহলে আমার কমিটমেন্টের একটি বাধাগ্রস্ত হবে। মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচ প্রতিবেশী দেশের থেকে আমাদের দেশের চেয়ে অনেক কম বলে জানান তারানা হালিম। তিনি বলেন, আমি আরও কমাতে চেয়েছিলাম। আরও কমাতে পারাটা তো প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে। এদিকে বেঁধে দেয়া সময়ের পর নির্ধারিত নিয়ম মেনে ৪ঠা জুন পর্যন্ত নিবন্ধিত হয়েছে আরও ৩৮ লাখের মতো সিম। এ হিসাবে মোট ১১ কোটি ৬০ লাখের মতো সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, নিবন্ধন না করায় এক কোটি ৬০ লাখের মতো সিম এখন নিষ্ক্রিয় রয়েছে।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজের নামে কোনো সিম নিবন্ধিত নেই।
তারানা হালিম বলেন, আমাদের মহামান্য প্রেসিডেন্ট বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তিন বাহিনীর প্রধান করেছেন, সব মন্ত্রী করেছেন, প্রতিমন্ত্রী করেছেন, মাননীয় স্পিকার করেছেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) করেছেন, সব সচিব করেছেন, সেনাবাহিনীর সদস্যরা করেছেন। সাধারণ জনগণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রি পদ্ধতিতে সিম নিবন্ধন করলেও একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে সেই কষ্ট না করায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী তারানা বলেন, তিনি এখনও পুনঃনিবন্ধন করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাকে সিমটি কিনে নিতে হবে। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











