আসলাম ৭ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল সোমবার আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল ডিবি। এ বিষয়ে শুনানির নির্ধারিত দিনে আজ এ আদেশ দিলেন আদালত।
গত বৃহস্পতিবার গুলশান থানায় ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
মামলায় আসলামের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে।
সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে।
এরপর গত ১৫ মে পুলিশ আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।
পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এর আগে গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।
এই দুই মামলায় ডিবি আসলামের ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডের আবেদন করেছে। এ বিষয়ে ৬ আগামী জুন শুনানি হবে।











