দেশের পথে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে চারদিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে জাপান ত্যাগ করেছেন।
সফরকালে শেখ হাসিনা নাগোয়ায় সাতটি উন্নত দেশের গ্রুপ জি৭-এর আউটরিচ বৈঠকে অংশ নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৭টায় (জাপান সময়) হানিদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের চিফ অব প্রটোকল কাওরু শিমাজাকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট আজ রাত ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।











