বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০টা না বাজতেই কেন্দ্র ভোটারশূন্য

 

নিজস্ব প্রতিবেদক : মৌকরা ইউনিয়ন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রে আছে তিনটি পুরুষ ও তিনটি নারী বুথ। সকাল ১০টা না বাজতেই ভোটারশূন্য হয়ে পড়ে কেন্দ্রটি। পুরো কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের কর্মী-সমর্থকদের ভিড়। ভোটকেন্দ্রের ভেতরেও তাদের অবস্থান।

920ed635502ed13ecae22b8b00cb3f4b-CTG-SITAKUND-OTHERS-ELECTION--1-

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিএনপির মো. কলিমুল্লার এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইয়াছিন মিয়া মজুমদার জানান, ১ নম্বর বুথে ৫৫৩ জন ভোটার রয়েছেন। এরই মধ্যে ২৯৬ জনের ভোট পড়েছে। ২ নম্বর বুথে খুঁজে পাওয়া যায়নি সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে। ওই বুথে থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা জানালেন, এরই মধ্যে ৪৫৫টি ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে সহিংসতা ও ককটেল বিস্ফোরণে পুলিশ-আনসার সদস্যসহ ৪০ জন আহত হয়েছেন।

 

আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই জানান, ১০টার দিকেই কেন্দ্র ফাঁকা হয়ে গেছে। তবে কারা এত ভোট দিল, এ প্রশ্নের সদুত্তর দেননি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা। বেলা ১১টায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. কলিমুল্লাহ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

 

এ ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের একজন করে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর কোনো প্রার্থী ছিল না।
বিএনপি প্রার্থী মো. কলিমুল্লাহ অভিযোগ করে বলেন, সব কেন্দ্রই দখল হয়ে গেছে। আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
একই অবস্থা দেখা গেছে পাশের ঢালুয়া ইউনিয়নেও। ওই ইউনিয়নের কেন্দ্রগুলোও সকাল ১০টার মধ্যে ভোটারশূন্য হয়ে পড়ে। এ ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন-একজন আওয়ামী লীগের, একজন বিএনপির ও অন্যজন জামায়াতের স্বতন্ত্র প্রার্থী। সকাল ১০টায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন ভূঁইয়া ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন সকাল সাড়ে ১০টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারাও কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন।

 

দুপুর সোয়া ১২টায় ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ২ নম্বর বুথে নৌকা প্রতীকের এজেন্ট এয়াছিন মিয়াকে পাওয়া গেল। তিনি জানালেন, বিএনপি প্রার্থীর এজেন্ট নিজেই বের হয়ে চলে গেছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান বাছির ভূঁইয়ার কর্মী-সমর্থকদের ভিড় তখনও কেন্দ্রে। সাতবাড়িয়া ইউনিয়নের বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন দুলাল সকাল সাড়ে ১০টায় ভোট বর্জনের ঘোষণা দেন। এ ইউনিয়নে দু’জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যজন আওয়ামী লীগের কাজী মো. ইয়াছিন।

 

 

নির্বাচন চলাকালীন দুপুর ১টায় বাঙ্গড্ডা ইউপির রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ ও কাদবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের ককটেল হামলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জামিরুল ইসলাম, পুলিশের এসআই লিলুছুর রহমান, এটিএসআই কামাল হোসেন, পোলিং অফিসার মিজানুর রহমান, আনসার সদস্য নূরজাহানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্র দু’টিতে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় একই ইউপির পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। সংঘর্ষে ইউছুফ, সাদ্দাম হোসেন ও মনিরসহ পাঁচজন আহত হয়েছেন।

 

মৌকরা ইউপির তিলিপ মাদ্রাসা কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মোতালেব হোসেন, জসিম উদ্দিন, আবদুল হক, শফিকুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মক্রবপুর ইউপির মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্নাঘর, টি সাহেববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নূরুল ইসলাম মিয়াজী, ফখরুল উদ্দিন, আবদুল গফুর, সোহাগসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

ঢালুয়া ইউপির দক্ষিণ বায়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিজিয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসমাঈল হোসেন, ফকির আহম্মেদসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

লাঙ্গলকোট উপজেলায় নির্বাচনী দায়িত্বে থাকা পাশের লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানালেন, উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ছয়টিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে বক্সগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অহিদের রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাঙ্গড্ডা ও ঢালুয়া ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের বাইরে একজন করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে এরা কেউ বিএনপি বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন। ঢালুয়ায় জামায়াত সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। মক্রমপুর, মৌকরা ও সাতবাড়িয়ায় শুধু বিএনপি ও আওয়ামী লীগের একজন করে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তবে মক্রমপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। তখনও কেন্দ্রে ভোটারের সারি ছিল।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কোনো অনিয়মের অভিযোগ আসেনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তারাও একই মন্তব্য করেছেন।