তিতাসে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলি আহত অর্ধশতাধিক
নিউজ ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলার শাতানি ইউনিয়নে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে অন্তত গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে ওই ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ও বিদ্রোহী প্রার্থী মজিবুল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিতাস থানার ওসি মনিরুল ইসলাম।
তিনি জানান, ওই ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দখলের চেষ্টা করে। এ সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কেন্দ্রে র্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান ওসি।











