বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন : মোহাম্মদ নাসিম

nasim-005নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসলাম চৌধুরী কোনভাবেই নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মেলাতে পারে না। বৈঠকে বসতে পারেন না। খালেদা জিয়ার নির্দেশেই বৈঠক করেছেন। একারণে তিনি তার পুরষ্কারও পেয়েছেন। স্থানীয় নেতা থেকে আজকে দলের জাতীয় নেতা, যুগ্ম সম্পাদক হয়েছেন। এতেই প্রমাণ হয়ে গেছে, আসলাম চৌধুরী তার নেতা বা নেত্রীর নির্দেশে এই কাজটি করেছেন।

দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ তাঁতিলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তাঁতিলীগের আহবায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, তাঁতিলীগের যুগ্ম আহবায়ক সাধনা দাস গুপ্তা ও খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।

মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেন, তাদেরকে মনে রাখতে হবে ধর্মের কল বাতাসে নড়ে। তারা ধর্মের কথা বলে রাজনীতি করে। সেই দলের নেত্রী খালেদা জিয়া বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শত্রু এই ধরনের অপশক্তির সাথে হাত মিলিয়েছে।

বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের এ প্রেসিডয়াম সদস্য বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে গণতন্ত্র ফিরে এনেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রলম্বিত বিচার তিনি সম্পন্ন করছেন। অসম্ভবকে শুধু সম্ভব করেন নাই। জীবনে বারবার ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন কর চলছেন। আর বাংলার জনগণ এই কাজে শেখ হাসিনাকে সহায়তা করছেন।

‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, অগ্রগতির পথে চলছে’ দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই আজকে বাংলাদেশকে বাঁকা চোখে দেখে।