বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সঙ্গে সম্পর্ক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সতর্ক নজর রাখছে বাংলাদেশ। তুরস্কে ২৩ ও ২৪ মে দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী পর্যায়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর দু’দেশের সম্পর্কে খানিকটা উত্তাপ ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে দ্বিধার কারণে মন্ত্রী না পাঠিয়ে সচিব পর্যায়ে প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশ।

turkey_14027_1464145966

 

নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর শলাপরামর্শের জন্য ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে আঙ্কারায় ডেকে পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোগানের নির্দেশে তাকে ডেকে নেয়া হয়। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম। এর আগে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেদ গুল বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে যেন ফাঁসির দণ্ড দেয়া না হয় তার অনুরোধ জানিয়ে।

 

 

নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভও হয়। তুরস্ক বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।তুরস্কে মঙ্গলবার শেষ হওয়া দুর্যোগ মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু কূটনৈতিক টানাপোড়েনের কথা চিন্তা করে প্রতিনিধি দলের প্রোফাইলে কিছুটা অবনমন করা হয়।