পরিত্যক্ত অবস্থায় বিএমডব্লিউ গাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। ২০০৭ সালের এক্স ৫ মডেলের এই গাড়ির ‘ঢাকা মেট্রো শ ০০-০৫০১’ উল্লেখ করা নম্বর প্লেট যুক্ত রয়েছে। জার্মানির তৈরি গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি। এই হিসেবে গাড়ির মোট শুল্ক ৬০১ ভাগ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটি তেজগাঁও এলাকায় মাল্টি ব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ওয়ার্কশপের কর্মচারীরা জানায়, প্রায় এক মাস আগে তাজুল নামের এক ড্রাইভার মেরামতের জন্য ওয়ার্কশপে গাড়িটি রেখে যান। কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি।
এর আগে গত ২৪ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে একটি পোরসে গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।











