বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় হরতাল

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের তিন পার্বত্য জেলা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার ও ভূমি আইন পুনর্বিবেচনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।মঙ্গলবার দুপুরে পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

 

hortal

প্রেস বার্তায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া জানান, সম্প্রতি এক সেমিনারে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষণার প্রতিবাদ ও ২০০১ সালের ভূমি আইন পুনর্বিবেচনার দাবিতে আগামীকাল তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ।

 

তিনি আরো বলেন, পাহাড়ে যতদিন পর্যন্ত চাঁদাবাজি, নিরীহ বাঙালি অপহরণ, গুম, খুন স্থায়ীভাবে বন্ধ হবেনা ততদিন পর্যন্ত পাহাড়ে সেনাবাহিনীর প্রয়োজন থাকবে। পার্বত্য বাসীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পাহাড় থেকে সেনাক্যাম্প এখনই প্রত্যাহার না করার দাবি জানান। পার্বত্যবাসী সকলকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে এই হরতালের কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থন করার জন্য সকলকে উদাত্ত্ব আহ্বান জানান। উক্ত হরতালে সকল রোগীবাহী এ্যাম্বুলেন্স, ঔষধ সরবরাহ গাড়ি, এবং সকল খাবারে দোকান হরতালের আওতামুক্ত থাকবে।