বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‌‌‌‍হাইকোর্টের নির্দেশ পালন পুলিশের কর্তব্য

photo-1464081597নিউজ ডেস্ক : বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও পুলিশের রিমান্ড প্রসঙ্গে হাইকোর্টের দেওয়া ১৫ দফা নির্দেশনা পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠআইনজীবীরা।

আজ মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং ১৬৭ ধারায় পুলিশের রিমান্ড আইন সংশোধনবিষয়ক সরকারের করা আপিল খারিজ হওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনজীবীরা।

জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ৫৪ ধারায় গ্রেপ্তার ও ১৬৭ ধারার রিমান্ড সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায়ে যে ১৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলোই আপিল বিভাগ বহাল রেখেছেন। এ সব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এ বিষয়ে আরো বিস্তারিত বলা যাবে বলে মন্তব্য করেন তিনি।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, হাইকোর্টের দেওয়া ১৫ দফা নির্দেশনা আপিল বিভাগ কখনো স্থগিত করেননি। সরকারের আপিল খারিজ হওয়ায় এসব নির্দেশনা প্রতিপালন করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অবশ্য কর্তব্য হয়ে গেল। তিনি বলেন, আইনের শাসন রক্ষার জন্যই তাদের এটি করতে হবে। আইন সংশোধন না হওয়া পর্যন্ত এই নির্দেশনাগুলোই কার্যকর রাখতে হবে বলে মনে করেন এ আইনজীবী।

ব্যারিস্টার সারা হোসেন বলেন, শামীম রেজা রুবেল একজন মেধাবী ছাত্র ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় হাইকোর্ট তাঁর রায়ে ১৫টি নির্দেশনা পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। ওই সব নির্দেশনা আপিল বিভাগের রায়ের আলোকে পালন করায় কখনই বাধা ছিল না।

১৯৯৮ সালে ডিবির সদস্য ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রুবেল মারা যান। এ ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠন রিট করে। রিটের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান ছয় মাসের মধ্যে সংশোধন করতে সরকারকে নির্দেশ দেন। পাশাপাশি ওই ধারা সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার জন্য সরকারকে বলা হয়।

এর পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে আপিল করে তৎকালীন চারদলীয় জোট সরকার। তখন আপিল বিভাগ লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি) মঞ্জুর করলেও হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেননি।

২০১০ সালের ১১ আগস্ট মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। তখন আদালত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারকে তা জানাতে বলা হয়। কিন্তু দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও জনগুরুত্বপূর্ণ মামলার ওই নির্দেশনাগুলো বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আদালতকে জানাতে পারেনি সরকার।

ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে হাইকোর্টের দেওয়া অন্যতম নির্দেশনাগুলো হলো :

ক. পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না।

খ. কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে।

গ. গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে।

ঘ. বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহক মারফত বিষয়টি জানাতে হবে।

ঙ. গ্রেপ্তার ব্যক্তিকে তাঁর পছন্দসই আইনজীবী ও নিকটাত্মীয়র সঙ্গে পরামর্শ করতে দিতে হবে।

চ. গ্রেপ্তার ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের অভ্যন্তরে কাচ নির্মিত বিশেষ কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকটাত্মীয়রা থাকতে পারবে।

ছ. জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

ট. পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবেন। বোর্ড যদি বলে ওই ব্যক্তির ওপর নির্যাতন করা হয়েছে, তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে দণ্ডবিধির ৩৩০ ধারায় অভিযুক্ত করা হবে।

এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারকে তখন ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

মামলাটির আপিলের ওপর গত ২২ মার্চ প্রথম দিনের মতো শুনানি হয়।