বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বসে আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্র!

 

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে বেশ বিতর্ক চলছে বাংলাদেশে মোসাদের কথিত তৎপরতা নিয়ে। আওয়ামী লীগ সরকার উৎখাতে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ বিএনপির সঙ্গে গোপন ষড়যন্ত্র করছে- এমন অভিযোগের সত্যতা নিয়ে বিতর্কটি শুরু হয়। ইসরাইলী নাগরিক সাফাদিসহ যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এরা বলছেন, সেমিনারে অংশ নিতে তারা দিল্লি গিয়েছিলেন। ষড়যন্ত্র বা এ ধরনের গোপন কোনো কিছু ঘটেনি সেখানে। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ক্ষমতার লোভে বিএনপি মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে।

awa

 

 

এই বিতর্কের মধ্যেই নতুন প্রশ্ন জেগেছে, ভারতে বসে আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র হলো কীভাবে? তাহলে কী ভারত এতে প্রশ্রয় দিচ্ছে? ভারত কী আওয়ামী লীগের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে? অবশ্য, এ প্রসঙ্গে সরকারের লোকজন বলার চেষ্টা করছেন, মোসাদ এবং বিএনপি ‘র’ এর ফাঁদে পা দিয়েছে। তারা বুঝতে পারেনি ‘র’ এভাবে ঘটনা ফাঁস করে দেবে। কিন্তু, আসলে কী তাই?

 

 

সরকার বলছে, বিএনপি নেতা আসলাম চৌধুরী, ইসরাইলের নাগরিক মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি, বাংলাদেশি মোসাদ এজেন্ট শিপন কুমার বসু ভারতে গোপন বৈঠক করেছেন। তারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য এই গোপন বৈঠকে যোগ দিয়েছেন এবং তাতে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। তবে, সেই ‘গোপন’ বৈঠকের যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা গেলো, সবকিছুই হয়েছে ওপেন। গোপন কোনো কিছুর তথ্য-প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি।

 

 

জানা গেলো, সেমিনারে যোগ দিতেই আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত গিয়েছিলেন ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি। বাংলাদেশি আসলাম চৌধুরী এবং শিপন বসুর সঙ্গে সেখানে তার দেখা হয়। পরিচয়, কথাবার্তা এবং এক টেবিলে বসে খাওয়াও হয়। কিন্তু, এটাকে কোন দৃষ্টিতে ‘গোপন ষড়যন্ত্র’ বলা যাবে- এ প্রশ্ন রেখেছেন অভিযুক্ত ব্যক্তিরা।

 

 

বস্তুত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়েছিলো। হিন্দু স্ট্রাগল কমিটির বাংলাদেশ শাখার সভাপতি শিপন কুমার বসু সেই সূত্রে ভারত গেছেন। ইসরাইলী লিকুদ পার্টি নেতা সাফাদিও একই কারণে ভারত গেছেন। যে কোনো সেমিনারের ক্ষেত্রেই অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ফটোসেশন করবেন, এটাই স্বাভাবিক। মেন্দি এন সাফাদি ইতিমধ্যেই এক প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি কোনোভাবেই গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত নন। সাফাদির পরিচয় হলো, তিনি ইসরাইলী লিকুদ পার্টির সদস্য ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান। এছাড়া তিনি সংখ্যালঘু বিষয়ক গবেষক বলেও পরিচিত। সাফাদি তার প্রতিক্রিয়ায় বলেছেন, কোনো গোয়েন্দা সদস্য প্রকাশ্যে সেমিনার-সিম্পোজিয়াম করে বেড়ায় না। নিজের গতিবিধি, কর্মকাণ্ড ঘণ্টায় ঘণ্টায় ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে না, যা তিনি করেন। এদিকে, বিএনপির একজন ‘স্থানীয় নেতা’ ব্যতিত আসলাম চৌধুরীর অন্য বিশেষ কোনো পরিচয় নেই। যদিও আসলাম চৌধুরীকে শিপন বসু সংখ্যালঘু অধিকার রক্ষা কর্মী হিসেবে আখ্যায়িত করেছেন।

 

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। খোদ সরকারি দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক এমন অভিযোগ উঠছে। এমনকি সরকারের সিনিয়র মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মোস্তাফিজুর রহমান ফিজার-এর বিরুদ্ধে একাধিকবার সংখ্যালঘু নেতারা সংবাদ সম্মেলন করে সংখ্যালঘুদের জমি দখল ও ঘর-বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ তুলেছেন। সম্প্রতি সফরে এসে ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে গেছেন। সেখানকার সরকার ও রাজনীতিকরা যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন তা জয়শংকরের প্রতিক্রিয়ার মাধ্যমেই প্রকাশ পেয়েছে। বস্তুত, এসবের ধারাবাহিকতায়ই ভারতে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছিলো।

 

 

 

পর্যবেক্ষকদের মতে, ষড়যন্ত্র যদি হয়েই থাকে তাতে অবশ্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত আছে। কারণ, মোসাদ যেমন দুর্ধর্ষ, তেমনি ‘র’ও বিশ্বের অন্যতম শক্তিশালী সংস্থা। ভারতের মাটিতে ‘র’-এর সম্মতি ছাড়া মোসাদ এমন বড় কাণ্ড ঘটাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। ভারত এবং ইসরাইলের সম্পর্ক অতি পুরাতন এবং অনেক গভীরের। তাছাড়া মোসাদও এমন বোকা নয় যে, ‘র’এর সম্মতি ছাড়া তারা এমন কিছু করতে যাবে।

 

পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ভারতে সেমিনারের আয়োজন নিঃসন্দেহেই বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি বড় প্রচারণা। সেই দৃষ্টিতে একে ‘ষড়যন্ত্র’ বলাও যেতে পারে। আর তাতে তো অবশ্যই ভারত সরকারের সমর্থন রয়েছে।

এমনিতেই শোনা যাচ্ছিলো, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। ভারতের বর্তমান সরকার চায়, এখানে একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক। আর এরজন্য প্রয়োজন একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য ভারত আওয়ামী লীগ সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু, এখন জাতীয় নির্বাচন দেয়ার অর্থই হলো আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়া। আর তাই, এ মুহূর্তে ভারতের কথাও শুনতে পারছে না সরকার। এসব কারণে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ইস্যুতে বর্তমানে ডুয়েল রোল প্লে করছে ‘র’।