ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির উদগীরণে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক :শনিবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবাং পাহাড়ের একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ৭ জন নিহত হয়েছেন, আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল জীবিতদের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিপর্যয় সংস্থা।

আট হাজার ফিট দীর্ঘ এই আগ্নেয়গিরিটি এখনো ইন্দোনেশিয়ার সবচেয়ে টগবগে আগ্নেয়গিরির মধ্যে একটি। ২০১৪ সালে সিনাবাংয়ের এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ১২ জন নিহত হয়েছিল এবং কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। আগ্নেয়গিরিটি প্রায় ৪ শতাব্দী সুপ্ত অবস্থায় থেকে সাম্প্রতিক সময়ে আবার জ্যান্ত হয়ে উঠেছে এবং লাভা উদগীরণ করছে।
মাত্র কয়েক বছর আগেই ইন্দোনেশিয়া সরকার সিনাবাং জালামুখের আশেপাশে কয়েকটি বিপদজনক এলাকা চিহ্নিত করে বসবাসের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। এর মধ্যে গ্যাম্বার নামের একটি গ্রাম রয়েছে যেখান থেকে ঐ ৯ জনকে পাওয়া গেছে।
দেশটির জাতীয় বিপর্যয় সংস্থার মুখপাত্র সুতপা নুগ্রোহ বলেছেন, ‘গ্রামটিতে কতজন মানুষ বাস করতেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় তল্লাশি করা কঠিন হয়ে পড়েছে।’
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ঘোড়ার খুরের আকৃতির ৪০ হাজার কিমি ব্যাপী বিস্তৃত প্যাসিফিক রিম অব ফায়ার নামের একটি অঞ্চলের অন্তর্ভুক্ত। ঐ অঞ্চলে প্রায় ১২০টি জ্যান্ত আগ্নেয়গিরি রয়েছে।











