লিবিয়াকে অস্ত্র দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাতে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জোট সরকারকে অস্ত্র সহায়তা করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, লিবিয়ার সরকারের উপর অস্ত্র বিরতি তুলে নিয়ে নতুন করে অস্ত্র সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইএস এখন সবচেয়ে বড় হুমকি, তাদের সাথে লড়াই করতে হলে লিবিয়া সরকারের অস্ত্র প্রয়োজন।

গত মাসে লিবিয়ার সরকার সতর্কতা দিয়ে বলেছিল, আইএস লিবিয়ার একটা বড় অংশ দখল করে নিতে পারে যদি সময়মত তাদের থামানো না যায়। কেরি বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সৃষ্টি হওয়া লিবিয়ার সরকারই দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা কমিয়ে সবাইকে একত্র করতে পারবে। আর আইএসকে পরাজিত করার জন্য অস্ত্র ছাড়া তাদের আর কোন গত্যন্তর নাই।
উল্লেখ্য, ২০১১ সালে উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর বিভক্ত হয়ে পড়ে দেশের রাজনীতি। গঠিত হয় দুইটি ভিন্ন সরকার। এরপর থেকেই তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে লিবিয়া। সাম্প্রতিক সময়ে পশ্চিমা মধ্যস্ততায় দুই সরকার একত্র হয়েছে। ক্রমবর্ধমান সংঘাত ও আইএস জঙ্গি দলের হাত থেকে রক্ষা পেতেই এ সিধান্ত নেয়া হয়েছে।











