বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আরও ব্যবসার সুযোগ চায় বাংলাদেশ

 

 

নিজস্ব প্রতিবেদক : ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের নিকটবর্তী চীনের বিভিন্ন প্রদেশের সঙ্গে সহযোগিতার পূর্ণ সম্ভাবনা খুঁজে দেখার লক্ষ্যে ঢাকা বাংলাদেশের ব্যবসা খাতের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। সফররত চীনের ইউনান সরকারের সিনিয়র উপদেষ্টা (মন্ত্রী পর্যায়ের) ঝং মিয়ানের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ইউনান প্রদেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করতে উপদেষ্টার প্রতি অনুরোধও জানান।

14419_unan

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঝং মিয়ান চলতি বছরের ১২-১৭ জুন ইউনান প্রদেশের রাজধানী কুনমিং নগরীতে অনুষ্ঠিতব্য ৪র্থ এশীয় প্রদর্শনী আয়োজনের প্রাক্কালে ৩ দিনের সরকারি সফরে ঢাকায় রয়েছেন। তার সঙ্গে ৬ সদস্যের প্রতিনিধিদল রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সহযোগিতার সকল ক্ষেত্রে এবং অর্থনৈতিক পর্যায়ে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

 

 

ইউনান প্রদেশও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ঝং মিয়ান বলেন, তার সরকার বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিনামূল্যে ও অগ্রাধিকারমূলক স্টলের ব্যবস্থা করেছে। সেখানে বাংলাদেশীদের অংশগ্রহণ দুটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে। উভয় পক্ষ প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে চট্টগ্রাম ও কুনমিং মহানগরীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং দুটি অঞ্চলের মধ্যে সরাসরি যোগযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।