রাজধানীর সড়কে প্রাণ গেল মা-মেয়ে ও পুলিশ সদস্যের
নিউজ ডেস্ক : রাজধানীর সায়েদাবাদে মা ও মেয়ে এবং খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সায়েদাবাদে নিহতরা হলেন- মাহিনুর বেগম (২৫) ও তার মেয়ে শাহনাজ (৫) এবং খিলক্ষেতে নিহত হন পুলিশের উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম।
মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, রোববার রাত ১২টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশাযোগে গেন্ডারিয়ার ধুপখোলায় বাসায় ফিরছিলেন। এ সময় সায়েদাবাদের জনপদ মোড়ে একটি কাভার্ডভ্যান তাদের রিকশাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। লাবু মিয়া আলাদা রিকশায় ছিলেন।
পরে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
অপরদিকে খিলক্ষেত থানার নিকুঞ্জে রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান গুলশান থানার এস আই মো. সাইফুল ইসলাম।
স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মোটরসাইকেলটিকে অন্যকোন যান ধাক্কা দিয়েছে কিনা বা কীভাবে দুর্ঘটনায় পড়ল স্থানীয়রা তা জানাতে পারেননি।











