বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক দুর্বলতায় রাবি শিক্ষক হত্যা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনিক দুর্বলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে হত্যাকারীরা যত শক্তিশালীই হোক না কেন দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এ সরকারের আমলেই তা সম্ভব হবে।
রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংহতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাবির ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবি শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে।

bg20151205094145

রাজশাহীতে পুলিশ প্রশাসনের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে নাসিম বলেন, ‘আমি প্রশাসনকে বলব আপনারা কেন ভয় করবেন? আপনি সরকারের চাকরি করেন, জনগণ আপনাকে টাকা দেয়? তাই সাহস করে দায়িত্ব পালন করে হত্যাকাণ্ড প্রতিরোধ করুন। আমি জানি, আপনাদের সময় লাগবে। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল লোককেও ধরা যাবে না। কিন্তু আমি বিশ্বাস করি, আপনারা আসামিদের গ্রেফতার করবেন।’

 

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার করে আমরা আগুনে হাত দিয়েছি, তাই হাত তো আমাদের পুড়বেই। এই পরাজিত শক্তি ছোবল দিয়ে রক্ত ঝরাবেই। তবে মাঠ পর্যায়ে আমাদের প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা অস্বীকার করার উপায় নেই। বাঁচতে হলে নিরপেক্ষ হয়ে বসে না থেকে ১৪ দলকে সঙ্গে নিয়ে দুর্গ গড়ে তুলতে হবে। এই সরকারের আমলেই শিক্ষক হত্যার তদন্ত শেষ করে বিচার করা হবে।’

 

মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘রাজশাহীতে মৌলবাদী গোষ্ঠী ধীরে ধীরে ঘাঁটি গড়ে তুলছে। এদেরকে সমূলে উৎপাটন করতে প্রশাসন, ছাত্র সংগঠন ও ১৪ দলের মধ্যে গড়ে ওটা দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে কাজ করতে হবে। ছাত্র সংগঠনগুলো অন্য সময় বীরদর্পে মারামারিতে লিপ্ত থাকলেও প্রয়োজনের সময় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মজবুত হলে মৌলবাদীরা মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না।’

শিক্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতি প্রকাশ করে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর রক্ত না শুকাতেই বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যাকাণ্ডগুলোকে আঞ্চলিকভাবে দেখার সুযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয়েছে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।’

 

সভায় আক্ষেপ করে নিহত শিক্ষকের কন্যা রিজওয়ানা হাসিন শতভী বলেন, ‘আমরা প্রথম দিন থেকে বিচারের আশ্বাস পাচ্ছি কিন্তু খুনীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া কতদূর তার কিছুই আমাদের জানানো হচ্ছে না। খুনের পরিকল্পনাকারী থেকে শুরু করে যে আমার বাবার ঘাড়ে কোপটা মেরেছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

শিক্ষক সমিতি ও ১৪ দলের মতবিনিময় সভায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ্ আজমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাবি ভিসি প্রফেসর মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, ১৪ দলের নেতা আসাদুজ্জামান আসাদ, মজিবুল হক বকু, এজাজ আহমেদ মুক্তা, ড. অসিত বরণ রায়, এস কে শিকদার, রেজাউর রশীদ খান, শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আলী ফারুকী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী রকিবুল আলম সোহান।

 

সভায় সভাপতিত্ব করেন রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর শহীদুল্লাাহ্। সভার শুরুতে প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪ দলের নেতারা রেজাউল করিমের নিজস্ব বাসভবনে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করেন এবং তাদের সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।