বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসলাম চৌধুরীকে পেলেই গ্রেফতার

aslam-choudhury-550x353নিউজ ডেস্ক : ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংযোগ নিয়ে আলোচিত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একইসঙ্গে তাকে যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদরদফতরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির এই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে, গ্রেফতারের চেষ্টা চলছে। যখন, যেখানে তাকে পাওয়া যাবে, তখনই গ্রেফতার করা হবে।’

এ সময় বিট পুলিশিং সম্পর্কে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এজন্য নগরীর ১৬ থানায় ১৪৫টি বিট গঠন করা হয়েছে।

ইকবাল বাহার বলেন, গঠিত বিট পুলিশ নির্ধারিত এলাকায় মামলা তদন্ত, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভিকটিম সাপোর্টসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় বসবাতরত বাড়ির মালিক ও ভাড়াটিয়ারদের তথ্য নির্দিষ্ট ফরমে সংগ্রহ করা হবে।

পাশাপাশি যানবাহনে পুলিশ, সিএমপি, সাংবাদিক, অ্যাডভোকেট, চিকিৎসক বা অন্য কোনো লেখা স্টিকার লাগিয়ে গাড়ি চালানো থেকেও বিরত থাকার আহবান জানান সিএমপি কমিশনার।

এই আহ্বানে সাড়া না দিলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে সিএমপি কমিশনার সিএমপির মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টচার্য, উপপুলিশ কমিশনার মাসুদ উল হাসান, ফারুখ আহমেদ, এডিসি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।