‘আনসার হত্যায় জঙ্গি, রোহিঙ্গা বা আরাকান আর্মি জড়িত’
নিজস্ব প্রতিবেদক : পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হামলা ও আনসার কমান্ডার হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত। জঙ্গি, রোহিঙ্গা বা আরাকান আর্মি যে কেউ এটা করতে পারে। শনিবার হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি আনসার ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ডিআইজি জানান, এ ঘটনার পর থেকে পুলিশ, র্যা ব, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। তবে কেউ আটক হয়নি বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ২০-২৫ জন দুর্বৃত্ত। এ সময় আনসার কমান্ডার মোহাম্মদ আলী হোসেনকে হত্যা করা হয়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সফিপুরে। দুর্বৃত্তরা অস্ত্র লুট করে নিয়ে যায় ।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, “এটি পরিকল্পিত হত্যা। এখানে অস্ত্র নিয়ে কতজন সদস্য থাকে। কোনদিন কতজন সদস্য থাকে সেটা হামলাকারীরা জানত। সাধারণত বৃহস্পতিবার অনেকে ছুটিতে যায়। তখন সদস্য সংখ্যা কম থাকে। এটা হামলাকারীরা রেকি করেছে। যখন সর্বোচ্চ কমসংখ্যক সদস্য থাকে, তখন তারা হামলার ঘটনাটি ঘটিয়েছে। ক্যাম্পের দুর্বলতা সম্পর্কে তাদের ধারণা ছিল। জঙ্গি, রোহিঙ্গা বা আরাকান আর্মি যে কেউ এটা করতে পারে। আমরা সব দিক তদন্ত করে দেখছি।”
জিআইজি আরো বলেন, “এখানে মাত্র সাতজন সদস্য ছিল। আমরা বলেছি, এত কম সংখ্যক সদস্য দিয়ে কোনো ক্যাম্প যেন পরিচালনা করা না হয়।”











