রবিবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক :বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে আগামীকাল রবিবার লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই দিন অবস্থানের পর বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।এ উদ্দেশ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতাদের এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপর উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। রাতে ইউনেস্কো মহাসচিব ইরিনা বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে। এরপর শেখ হাসিনা শুক্রবার রাতে সোফিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।











