মলদ্বারে ৪৫ লাখ টাকার স্বর্ণের বার
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বারে বিশেষ পদ্ধতিতে বহন করা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ৯শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। শুক্রবার বিকালে এ ঘটনায় আবু বক্কর নামের দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম বলেন, বিকাল সোয়া ৫টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ইকে ৫৮৬ নম্বরের ফ্লাইটে ঢাকায় আসেন আবু বক্কর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোডিং ব্রিজ এলাকা থেকে তাকে অনুসরণ করেন কাস্টমসের কর্মকর্তারা। বিমানবন্দর অতিক্রম করার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রথমে তিনি একশ’ গ্রাম স্বর্ণের কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবু বক্কর জানান, তার মলদ্বারে আরও ৮টি স্বর্ণের বার (প্রতিটি ১শ’ গ্রাম) রয়েছে। পরে সে ওই স্বর্ণ বের করে দেন।
এসি রেজাউল আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণ রশিদমূলে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আবু বক্করের বিরুদ্ধে মামলা হয়েছে।











