বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের ওপর হামলায় উদ্বিগ্ন খালেদা জিয়া

 
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এসব ঘটনার বিচার দাবি করেছেন।সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যায় আবদার রক্ষা ও বেআইনি নির্দেশ পালন এবং বিধিবহির্ভূত সম্মান ও সুযোগ দিতে অস্বীকার করলেই রাষ্ট্রীয় কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন। মাঠ প্রশাসন পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।’

Khaleda-Zia.-24updatenews

 

এ প্রসঙ্গে খালেদা জিয়া তাঁর নিজের নির্বাচনী এলাকার ফেনীর পরশুরামে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার নির্যাতিত হওয়ার ঘটনা তুলে ধরেন। পাশাপাশি এ ঘটনার বিচার দাবি করেন।আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে।

 

ফেনী জেলার পরশুরামের ইউএনও এইচ এম রকিব হায়দারকে সম্প্রতি পিটিয়ে আহত করার ঘটনাটির কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুরুত্ব না দেওয়ার কারণে তাঁকে (ইউএনও) সরকারি কর্তব্য পালনরত অবস্থায় প্রকাশ্যে মারধর করে আহত করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবাধে দায়িত্ব ও কর্তব্য পালন এখন কতটা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এই ঘটনা তার এক জ্বলন্ত প্রমাণ। সারা দেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে।’

 

 

‘কোনো ঘটনা নিয়ে বেশি তোলপাড় হলে চোখে ধুলা দেওয়ার জন্য সাময়িক কিছু পদক্ষেপ নিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিকার বা সুষ্ঠু বিচার হচ্ছে না। ফাঁক-ফোঁকরে শাসকদলের কোনো নেতাকর্মী আদালত থেকে দোষী সাব্যস্ত হলেও বিশেষ অনুকম্পায় তাদের মুক্ত করে দেওয়া হচ্ছে। ফাঁসিতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আওয়ামী নেতাকর্মীরাও ছাড়া পেয়ে নতুন নতুন ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করছে। অপরদিকে বিনা দোষে মিথ্যা মামলায় বিরোধীদলের অগণিত নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা দুঃসহ নিপীড়ন ভোগ করছে।’

 

 

পরশুরামের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতার অবৈধ দখলদারত্ব যেন শাসকগোষ্ঠীকে স্বেচ্ছাচারিতার অবাধ ছাড়পত্র দিয়েছে। তারা দেশকে এক অসভ্যতার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে।’

 

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘আমি মনে করি দুর্নীতি, দুঃশাসন, স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের বর্তমান দুঃসহ পরিস্থিতির অবসানকল্পে সবার অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় নির্বাচনে জনগণের ভোটে একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’