এখন দণ্ডপ্রাপ্তদের নিরাপদ আশ্রয়স্থল মন্ত্রিপরিষদ
নিজস্ব প্রতিবেদক : সরকারের একের পর এক মন্ত্রী আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও তাদেরকে দায়িত্বে বহাল রাখায় মন্ত্রিপরিষদ এখন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।মঙ্গলবার (১০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে দেশে এখন নিয়মনীতির বালাই নেই। শাসক দলের জন্য এক রকম, বিরোধী দলের জন্য অন্য রকম। আইন থাকলেও সেটা নিজেদের মতো করে ব্যবহার করা হচ্ছে। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের দমনে মরিয়া হয়ে উঠেছে। অথচ বড় বড় অপরাধে দণ্ডিত হয়েও বহাল তবিয়তে রয়েছেন শাসক দলের নেতাকর্মী ও মন্ত্রীরা। বরাবরই সংবিধান, আইনকানুন ও নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মী এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিরাও জেলে দুর্বিষহ জীবনযাপন করছেন।’
তিনি দাবি করে বলেন, ‘বিরোধী দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার কারণে ইতোমধ্যে সারা দেশের ২৩ জন মেয়র, ২৭ জন উপজেলা চেয়ারম্যান, ১৩ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং দুই শতাধিক ইউপি চেয়ারম্যান, মেম্বর ও কাউন্সিলরকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।’রিজভী আরো বলেন, ‘আওয়ামী লীগের বেলায় দেখা যাচ্ছে, ভিন্ন চিত্র ও অন্য আইন। রেলের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন মন্ত্রীর খবর কে না জানে। এতবড় ঘটনার পরেও তিনি দপ্তরবিহীন মন্ত্রীত্ব নিয়ে গত ৫ বছর পার করেছেন ভালোভাবেই।’
এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘আদালত অবমাননার মামলায় সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাজাপ্রাপ্ত হন। ইতোমধ্যে সাজার জরিমানার ৫০ হাজার টাকাও তারা জমা দিয়েছেন। সাজা ভোগ করার পরও এখনো মন্ত্রীত্বে বহাল আছেন। অথচ আইন বলছে, তারা বরখাস্ত হয়ে গেছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে দণ্ডিত মন্ত্রীদের মন্ত্রিসভায় বহাল রাখায় মন্ত্রিপরিষদ এখন কয়েদিদের দ্বারা নিয়ন্ত্রিত। একের পর এক মন্ত্রী আদালতে দণ্ডপ্রাপ্ত হচ্ছেন। কিন্তু মজার ব্যাপার, তারা মন্ত্রী পদে বহাল থাকছেন। সর্বোচ্চ আদালত থেকে অপরাধী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত মন্ত্রীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেছ আলী মামুন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভুইয়া, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, তরিকুল ইসলাম টিটু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট রুবি চিশতী প্রমুখ।











