নির্বাচনী সহিংসতা এ পর্যন্ত প্রাণ গেল ৬০ জনের
নিজস্ব প্রতিবেদক : প্রথম ও দ্বিতীয় দফা শেষে লাশের সংখ্যা ছিল ৩৭। তৃতীয় দফা শেষে সেই সংখ্যা দাঁড়ায় ৪৫-এ। চতুর্থ দফা শেষে লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। দিন যত যাচ্ছে হতাহতের সংখ্যাও তত বাড়ছে। সর্বশেষ গতকালও রাজশাহীর বাঘমারায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতাকে কেন্দ্র করে পুলিশ হেফাজতে একজনসহ মোট চারজন নিহত হয়েছে। এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ইউপি নির্বাচনের সহিংসতা একটি স্বাভাবিক ঘটনা।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে খুনোখুনি অব্যাহত রয়েছে। এক এক ধাপের নির্বাচন শেষ হয় আর বাড়তে থাকে লাশের সংখ্যা। গত ৭ মে ইউনিয়ন পরিষদের চতুর্থ দফার নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় নিহত হয় ছয়জন। এর মধ্যে রাজশাহীর বাঘমারা উপজেলায় দুইজন, নরসিংদীর রায়পুরায় দুইজন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একজন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজন নিহত হয়। প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে এই নিহতের ঘটনা ঘটে। বেশির ভাগ এলাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিকে চতুর্থ দফা নির্বাচনের দিন রাজশাহীর বাঘমারার আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আওয়ামী লীগ কর্মী রমজান আলী রঞ্জু গতকাল সকালে পুলিশ হেফাজতে মারা যান। এ দিকে গতকাল গাইবান্ধার সাদুল্যাপুর, চাঁদপুরের শাহরাস্তি ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে তিনজন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন।
গত ৫ মে চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্পে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় যুবলীগ কর্মী নুর এলাহী জুয়েল গুলিতে নিহত হন। একই দিন ঝিনাইদহের হরিণাকুণ্ডের ফলসি গ্রামে দিদার হোসেন মণ্ডলকে পিটিয়ে হত্যা করে সরকার সমর্থক প্রার্থীর লোকজন। দিদার বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থক ছিলেন বলে জানা যায়। গত ৪ মে মাদারীপুরের কালকিনিতে নিহত হয় আবুল কালাম ওরফে কালু শিকদার। তিনি কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থক ছিলেন বলে জানা যায়। প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আহত মজিবুর রহমান (৬০) গত ৩ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ১৮ এপ্রিল আহত হন। কুমিল্লার চান্দিনার মাইজখার ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চাচা আবদুল মান্নান গত ১৯ এপ্রিল প্রতিপক্ষের হামলায় আহত হন। গত ২ মে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
তৃতীয় দফার নির্বাচন-পরবর্তী সহিংসতায় মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে বাবলু হোসেন মিয়া নিহত হন। ভেড়ামারায় এক সাবেক প্রধান শিক, গাজীপুরের শ্রীপুরে একজন ও মাগুরার শ্রীপুরে একজন নিহত হন। গাজীপুরের বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই মেম্বর প্রার্থী শামীম আহম্মেদ ও মারুফ শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জমির, করিম, রফিক, নিজাম উদ্দিন, সাকিব ও রহিম গুরুতর আহত হন। প্রতিপরে হামলায় জমিরের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিক উদ্দিনের সমর্থক কলিম উদ্দিন মোড়লকে (৪২) নুরুল হক মোড়লের সমর্থকেরা পিটিয়ে গুরুতর আহত করে।
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী বাবলু শেখ (৩৫) খুন হন। এ সময় আহত হন এক ইউপি মেম্বারসহ ২০ জন।
রংপুরের মিঠাপুকুরে ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল হান্নান (৩৫) নিহত হন। আহত হয়েছেন কমপে দুইজন। টাঙ্গাইলের নাগপুরের মো: নুরুল হুদা (৪৭) ও কিশোরগঞ্জের ভৈরবের ছিদ্দু মিয়া (৬০) নিহত হন।
পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে ৩৭টি লাশ দিয়ে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের ঘটনাও রয়েছে। এ দিকে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তৃতীয় দফার নির্বাচন শেষে লাশের সংখ্যা দাঁড়ায় ৪৫-এ। সর্বশেষ গত ৭ মে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থ দফার নির্বাচনেও ব্যাপক সহিংসতা ও গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকেও গুলিবর্ষণ করতে হয়। চতুর্থ দফার নির্বাচনের আগে পরে গতকাল পর্যন্ত নিহত হয় ১৫ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছেন।
এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনী সহিংসতা একটি স্বাভাবিক ঘটনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত যা কিছু ঘটেছে তা ব্যক্তিগত রেষারেষির কারণে, রাজনৈতিক কারণে নয়।











