বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাক গলানো বন্ধ করতে ইসলামাবাদকে ঢাকার আহ্বান

Pakistan-1একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে ঢাকা। এর পাশাপাশি ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা দেওয়াও বন্ধ করতে বলেছে। রোববার দুপুরে পররাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশ পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন গত বৃহস্পতিবার খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর মৃত্যুদ-াদেশ বহাল থাকে। এ ব্যাপারে গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে উদ্বেগ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করে। এ নিয়েই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তানের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে। আমরা কখনোই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারও উদ্বেগকে স্বাগত জানাই না। বারবার মনে করিয়ে দেওয়ার পরও তারা এটি করছে। তারা বলছে যে ব্যথিত হয়েছেন। কিন্তু আমরা যাঁদের বিচার করছি, তাঁরা বাংলাদেশের নাগরিক।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭৪ সালে যে ত্রিপক্ষীয় চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে উল্লেখ ছিল পাকিস্তানের যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছিল, তাঁদের বিচার করা হবে না। ওই চুক্তিতে কিন্তু বলা হয়নি যেসব যুদ্ধাপরাধী বাংলাদেশের নাগরিক, তাঁদের বিচার করা যাবে না।
শাহরিয়ার বলেন, মানবতাবিরোধী অপরাধীরা পাকিস্তানের হয়ে কাজ করেছেন। তাই তাঁদের জন্য সেই জায়গা থেকে পাকিস্তান ব্যথিত হয়েছে।
প্রতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি এটিকে বিপজ্জনক মনে করি, কারণ মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীরা ভবিষ্যৎ প্রজন্মকে আশ্বস্ত করার একটি জায়গা খুঁজছেন। পাকিস্তান রাষ্ট্র হিসেবে তাঁদের পাশে থাকবে, এ রকম একটি বার্তা বোধ হয় দিতে চাইছে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, তা না হলে নিজামীর বিচারে পাকিস্তান কেন ব্যথিত হবে?
এসব কারণে প্রতিমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকতে এবং ৭৪-এর চুক্তির অপব্যাখ্যা দেওয়া বন্ধ করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দ-ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় আমরা উদ্বিগ্ন’। বিবৃতিতে আরও বলা হয়, এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া অনুসরণ করছি। বিবৃতিতে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচারকে ‘বিতর্কিত’ বলা হয়েছে। ৫ মে মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দ- বহাল রেখে রায় পুনর্বিবেচনার আপিল খারিজ করে দেন আদালত
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামির মৃত্যুদ-ের রায় বহাল রাখায় উদ্বেগ প্রকাশ করে গত শুক্রবার একটি বিবৃতি দেয় যা পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন প্রকাশ করে। এর আগেও মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের নিন্দা জানিয়েও পাকিস্তানের আদালতে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল।
ডন জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিতর্কিত ট্রাইব্যুনাল ১৯৭১ সালে যুদ্ধাপরাধের সঙ্গে নিজামির জড়িত থাকার জন্য মৃত্যুদ-ের চূড়ান্ত রায় দিয়েছে। জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে তার মৃত্যুদ- বহাল রাখায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো বিতর্কিত বিচারের সঙ্গে নিন্দা জানিয়েছে, আমরাও তাদের সঙ্গে নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।
ডনের খবরে বলা হয়, সর্বোচ্চ আদালত নিজামির রিভিউ আবেদন বাতিল করায় নিজামীর রায় কার্যকর করার আর মাত্র প্রাণ ভিক্ষার পথ রয়েছে। নিজামির দলের পক্ষ থেকে তার রিভিউ আবেদন বাতিল করায় দেশব্যাপি প্রতিরোধের ডাক দেয়া হয়েছে।
আদালতের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া ব্যক্ত করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়তে পারে বলেও ডনের খবরে বলা হয়। অতীতেও জামায়াতের নেতাদের মৃত্যুদ-ের রায়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছিল ঢাকা। ১৯৭১ সালের অপরাধে বিচারের রায়ে দুই দেশের সম্পর্ক চাপের মধ্যে পড়েছিল। ২০০৯ সালে হাসিনা ওয়াজেদের সরকারের গঠন করা ট্রাইব্যুনাল এই পর্যন্ত চার জন রাজনীতিবিদের মৃত্যুদ- কার্যকর করেছে তার মধ্যে অধিকাংশ জাময়াতের নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ১৯৭৪ সালের এপ্রিলে করা বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই ত্রিদেশীয় চুক্তির কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার যুদ্ধাপরাধের বিষয়টি সুরাহা করে গিয়েছেন। ১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তিতে ১৯৭১ সালের ঘটনা ভুলে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছিলেন শেখ মুজিবুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ১৯৭৪ সালের চুক্তিটি দিল্লিতে চুক্তি হয়েছিল। ওই চুক্তিটিতে সই করেছিলেন বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ওই চুক্তিতে ঢাকা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে বাংলাদেশ সরকার আর যুদ্ধাপরাধের বিচার করবে না। তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক বক্তৃতায় বলেছিলেন, তিনি অতীত ভুলে নতুন করে সব কিছু শুরু করতে চান। বাংলাদেশের মানুষ জানে কিভাবে ক্ষমা করে দিতে হয়। ২০০৯ সালে মিসেস ওয়াজেদ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধের বিচারের কাজ শুরু করেন।