বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ জেলায় নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা

 

নিজস্ব প্রতিবেদক :উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ দেশের ২০টি জেলায় নতুন করে আস্তানা গাড়ার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। সংগঠনটির পলাতক সদস্যরা এই ২০ জেলায় নতুন করে হামলারও পরিকল্পনা করছে বলে আশঙ্কা পুলিশ ও গোয়েন্দাদের। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে গোয়েন্দাদের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে রিপোর্ট পেশ করেছে বলে জানা গেছে।

 

4-6

ওই রিপোর্টে চলমান জঙ্গি দমন অভিযান আরও জোরদার করতেও পরামর্শ দেওয়া হয়।এদিকে গত ৩ এপ্রিল বগুড়ার শেরপুরের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত দুই জঙ্গিরই পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। দুই জঙ্গির মধ্যে একজন জেএমবির সামরিক কমান্ডার ফারদিন।ওই বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিভিন্ন ছদ্মবেশে জেএমবির পলাতক সদস্যরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

 

 

সূত্র জানায়, জয়পুরহাট, নওগাঁ, উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং পঞ্চগড় জেলাকে কয়েক বছর ধরেই নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা।উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, চট্টগ্রাম জেলাতেও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি সদস্যরা।সূত্র ঢাকা মহানগর পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, তারা সব জঙ্গি সংগঠনের অপতৎপরতার ওপর নজর রাখছেন। পলাতক জঙ্গিরা যেন, কোনো ধরনের নাশকতামূলক কর্মকা- চালাতে না পারে সেজন্য নানা ধরনের গোয়েন্দা কার্যক্রম চলছে। জঙ্গিবাদবিরোধী অভিযানও চলমান রয়েছে।

 

 

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম, ঢাকাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জঙ্গি হামলার নায়ক এবং জেএমবির বোমা ও হ্যান্ডগ্রেনেড তৈরির অন্যতম কারিগর ফারদিনকে গত এক বছর ধরে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী গত বছর ডিসেম্বরে রাজধানীর মিরপুরে জেএমবির সদর দপ্তর হিসেবে ব্যবহৃত বোমা কারখানায় অভিযান চালায়। ওই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ হ্যান্ডগ্রেনেড, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই আস্তানাতে পলাতক জীবনযাপন করছিল জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন। অভিযানকালে কৌশলে পালিয়ে যায় সে। চট্টগ্রাম মহানগর পুলিশ তাকে ধরতে ঢাকার হৃদরোগ হাসপাতালের একজন চিকিৎসককে আটক করে।

 

 

এ নিয়ে চিকিৎসকদের আন্দোলনের মুখে দুদিন পর ওই চিকিৎসককে ছেড়ে দেয় পুলিশ। ফারদিনকে ধরতে আরও বেশ কয়েকটি অভিযান চালায় পুলিশ। ওদিকে মিরপুরের আস্তানা থেকে পালিয়ে ফারদিন বগুড়ায় আশ্রয় নেয়। সেখানে জেএমবির উত্তরাঞ্চলের একটি সদর দপ্তর গড়ে তোলার চেষ্টা করে এই জঙ্গি নেতা। গত ৩ এপ্রিল রাতে বগুড়ার শেরপুর উপজেলার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুই জঙ্গি মারা যায়। ঘটনার পর বগুড়া জেলা পুলিশ দুই জঙ্গির মধ্যে তরিকুল ইসলাম নামে একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। আরেকজনের পরিচয় সম্পর্কে জানতে নানা চেষ্টা করতে থাকে। গত সপ্তাহে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল নিহত আরেক জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে মর্গে রাখা লাশ পর্যবেক্ষণ করতে যায় বগুড়ায়। তারা পর্যবেক্ষণকালে নিশ্চিত হন নিহত অপর ব্যক্তি ফারদিন। তা ছাড়া বগুড়া পুলিশ ফারদিনের এক নিকটাত্মীয়কে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তার মুখ থেকেও বেরিয়ে আসে ফারদিনের পরিচয়।

 

 

৩ এপ্রিল দিবাগত রাতে বগুড়ার শেরপুরের জোয়ানপুর কুঠিরভিটা গ্রামের একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে দুই জঙ্গির মৃত্যু হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে ২০টি হাতে তৈরি তাজা গ্রেনেড, চারটি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির জিআই পাইপ কেটে বানানো দেড় হাজার খোলস, ৬০ কেজি জেল, পাঁচ শতাধিক ডিটোনেটর, গ্রেনেডের পিনসহ নানা ধরনের বিস্ফোরকদ্রব্য পায় পুলিশ। ফারদিনের নেতৃত্বে সেখানে হ্যান্ডগ্রেনেড তৈরি করা হচ্ছিল। ওই ঘটনার রেশ ধরে বগুড়া জেলা পুলিশ গত ২৬ এপ্রিল রাতে শাজাহানপুরের কামার মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি আধুনিক স্বয়ংক্রিয় একে ২২ রাইফেল, একটি জাপানি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫২ রাউন্ড গুলিসহ মোমিন নামে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে উত্তরাঞ্চলে জেএমবির অপতৎপরতা সম্পর্কে গুর“ত্বপূর্ণ তথ্য পায়। এই জঙ্গি পুলিশকে বলেছে, বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় জেএমবির ৩০০ সদস্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে ইসাবা (হামলাকারী) ও দায়ি (দাওয়াতি) গ্র“পের সদস্যরাও রয়েছে। আরও রয়েছে বিশেষ প্রশিক্ষণ পাওয়া সুইসাইড (আত্মঘাতী) গ্রুপের সদস্য। তারা ছদ্মবেশে মানুষের মাঝে মিশে আছে। ব্যবসায়ী, চাকরিজীবী, ফেরিওয়ালাসহ বিভিন্ন ছদ্মবেশে জেএমবি সদস্যরা কাজ করছে উত্তরাঞ্চলে। তাদের মধ্যে ১৫০ সদস্য ফটোস্ট্যাট, কসমেটিকস, মোবাইলের সিম এর দোকানের আড়ালে জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।