বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারে’

 

নিজস্ব প্রতিবেদক : রডের পরিবর্তে বাঁশ ব্যবহারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, “এটা দুঃখজনক হলেও সত্য যে, আজকাল পত্রপত্রিকায় প্রায়ই নির্মাণ কাজ বিশেষ করে রাস্তাঘাট ও ইমারত নির্মাণ কাজের ত্রুটি ও নিম্নমান নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে।”

hamid

 

শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, “এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে তেমনি জনভোগান্তিও বাড়ছে। এছাড়া কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হানি হচ্ছে। দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।”

 

 

ভবন তৈরিতে রডের পরিবর্তের বাঁশ ব্যবহারের অনিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রকৌশলীদের নির্মাণ কাজের ‘কোড অব এথিক্স’ মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

 

তিনি বলেন, “আমি প্রকৌশলীদের ‘কোড অব এথিক্স’ অনুসরণের আহ্বান জানাই। কারণ ‘এথিক্স’ থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের ক্ষতি হয়। আমার বিশ্বাস আপনাদের মেধা, মনন ও সৃষ্টিশীলতায় সরকার ঘোষিত দিন বদলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।”

 

 

রাষ্ট্রপতি বলেন, “আজ আপনারা প্রকৌশলী, উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদেরকে আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার।”

 

আইবির প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, আইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান, সম্পাদক আমিনুর রশীদ।