শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মাস বয়সে গর্ভধারণে গাভীর বিশ্ব রেকর্ড!

cow-pragnent_11838_1462353393নিউজ ডেস্ক : মাত্র ৫ মাস বয়সেই গর্ভধারণ! আর ১৩ মাস ছুঁইছুঁই করে বেড়ে উঠা বাছুরটির পেটে খেলা করছে ৮ মাসের আরেকটি বাছুর। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামে কৃষক আব্দুল কাদিরের পালিত গরুর বাছুর এমন চাঞ্চল্য ঘটনার জন্ম দিয়েছে।

এ ঘটনাকে বিশ্ব রেকর্ড বলে দাবি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।

তিনি বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রাণি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক।

কৃষক আব্দুল কাদিরের বাড়িতে অপ্রাপ্ত বয়সী গাভীটিকে দেখতে গত রোববার সরেজমিন আসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞার নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন কমিউনিটি-বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ মশিউর রহমান, পিএইচডি’র ফেলোশীপে অধ্যয়নরত ভেটেরিনারী সার্জন ডা. মো. মাসুদুর রহমান।

প্রতিনিধি দলের প্রধান প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা জানান, শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশেও এ ঘটনা বিরল। কম বয়সে গর্ভধারণে বিশ্ব রেকর্ড অর্জন করেছে বাছুরটি। সাধারণত ২৪ মাস বয়সে গরু গর্ভধারণ করে থাকে। দেশীয় গরুর হরমনজনিত ও স্বাস্থ্যগত কারণে ১৮/১৯মাসেও গর্ভধারণের রেকর্ড রয়েছে। তবে ৫ মাসে গাভীর গর্ভধারণ একেবারেই বিরল। এটি একটি বিশ্ব রেকর্ড।

তিনি আরও জানান, গাভী ও তার গর্ভে থাকা বাচ্চা সুস্থ আছে। যেহেতু কম বয়সে গর্ভধারণ করেছে তাই গাভী ও তার বাচ্চা প্রসবকালীন ঝুঁকিতে রয়েছে। কৃষক চাইলে, মা ও বাচ্চাকে সুস্থ রাখতে প্রসবকালীন সময়ে বাকৃবি’র তত্ত্বাবধানে থাকবে।

এদিকে এ ঘটনা দেখতে দূর-দুরান্ত থেকে ছুটে আসছে মানুষের ঢল। গ্রামের ছোট্ট শিশুদের মুখেমুখে ‘বাছুরের পেটে বাছুর’ জন্মের ঘটনাটিও গল্পের মতোই ছড়িয়ে পড়ছে।

টিলাটিয়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র সাবেক মেম্বার আব্দুল কাদির মোল্লা এই বাছুরটির মালিক। তবে সার্বক্ষণিক দেখভাল করেন তারই ছোট ভাই আবুল কালাম।

তিনি জানান, গোয়াল ঘরে একটি ষাঁড়সহ ছোট-বড় ৬টি গরু থাকে। কীভাবে গর্ভধারণ করেছে তা জানা নেই। বাছুরটির শারীরিক অবস্থার পরিবর্তন ও দুর্বল হতে থাকে। পেটটি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। প্রায় ২ মাস পূর্বে খাবার দেয়ার সময় বাছুরের পেটে আরেকটি বাছুরের ডুস মারতে (খেলা) দেখতে পাই। এরপর স্থানীয় পশু চিকিৎসক ও ময়মনসিংহ থেকে আগত পশু ডাক্তারগণ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন বাছুরটি গর্ভবতী।

আব্দুল কাদির এ প্রতিনিধির সামনেই বাছুরটির স্তনের বাটে টিপ দিয়ে শাল দুধের মতো দুধ বের করেও দেখান।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আইয়ুব আলীর পুত্র মো. হাবিবুল্লাহ (৮০) ও মোহাম্মদ উল্লাহ মাস্টার (৭৫) বিস্ময় প্রকাশ করে বলেন, এমন ঘটনা জীবনে দেখি নাই ও শুনিও নাই।