বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে গণধোলাই

chuadanga-rape-teacher_11827_1462347740নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় এক এতিম ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে বাড়িতে ডেকে ধর্ষণ করেছেন এক স্কুল শিক্ষক। ঘটনা জানতে পারে অন্য ছাত্রীরা ওই শিক্ষককে ধরে গণধোলাই দিয়ে স্কুল কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

বুধবার সকালে চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়টিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. আহাদ আলী। তিনি বিদ্যালয়টির সহকারী ইংরেজি শিক্ষক এবং সদর উপজেলার নেহালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

ধর্ষিতা ছাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার। বাবা মারা যাওয়ায় সে চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ায় বোনের বাড়িতেই থাকে। সে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক শাখার ছাত্রী।

ওই ছাত্রীর সহপাঠীরা জানায়, শিক্ষক আহাদ আলী চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ায় বোনের বাড়িতে থাকেন। শুক্রবার ওই ছাত্রীর দুলাভাইকে ফোন দিয়ে বাসায় প্রাইভেট পড়তে পাঠাতে বলেন।

পড়তে এসে ছাত্রী দেখতে পায় বাসায় আহাদ আলী একা। পরিবারে আর কেউ নেই। এছাড়া অন্য কোনো শিক্ষার্থীও পড়তে আসেনি। তখন সে বাড়িতে ফিরে যেতে চাইলে ঘরের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করে আহাদ আলী।

ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গিয়ে দুলাভাইকে সব ঘটনা জানায়। দুলাভাই গোপনে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। এনিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা গোপনে কয়েক দফা বৈঠক করেন।

তবে ধর্ষিত স্কুলছাত্রী সহপাঠীদের ঘটনা জানিয়ে দিলে বুধবার সকাল বিদ্যালয়ের আঙিনায় শিক্ষক আহাদ আলীকে আটক করে গণধোলাই দেয় ছাত্রীরা। পরে তাকে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় লম্পট শিক্ষক আহাদের বিচারের দাবিতে ছাত্রীরা বিক্ষোভ করেন ও বিভিন্ন স্লোগান দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী জানান, সকালে শিক্ষক আহাদের বিষয়ে সভাপতির কাছে নালিশ করতে গেলে সভাপতি দশম শ্রেণির এক ছাত্রীকে থাপ্পড় দেন। এরপরই ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তবে থাপ্পড়ের বিষয়টি সভাপতি অস্বীকার করেছেন।

অভিযুক্ত শিক্ষক আহাদ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র। ওই ছাত্রীকে আমার সঙ্গে বিয়ে দেয়ার জন্যই ঘটনা সাজানো হয়েছে।

প্রধান শিক্ষক রেবেকা সুলতানা অভিযোগের বিষয়ে মুখ খোলেননি। তিনি বললেন, আমি তেমন কিছু জানি না। তবে অভিভাকরা বলেছে আহাদকে রক্ষার চেষ্টা করছেন প্রধান শিক্ষক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, আমরা অভিযুক্ত শিক্ষকের বক্তব্য শুনেছি। অভিযোগকারী ছাত্রী ও তার পরিবারের কথা শুনলেই বিষয়টি পরিষ্কার হব। তার পরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে ওই স্কুলসহ পার্শ্ববর্তী ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তারপরেও বিক্ষুব্ধ ছাত্রীরা স্কুল প্রাঙ্গণেই অবস্থান নেয়। পরে পুলিশ তাদেরকে জোরপূর্বক বিদ্যালয় আঙিনা থেকে বের করে দেয়।