বিশ্বব্যাপী সেরা প্রবৃদ্ধি অর্জনকারী দেশের অন্যতম বাংলাদেশ : বিশ্বব্যাংক
বিশ্বের সেরা প্রবৃদ্ধি অর্জনকারী ১২ টি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। শনিবার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক এ কথা জানায়।
এতে আরো বলা হয়, চলতি বছর বাংলাদেশ ৬ শতাংশের ওপরে অর্থ্যাৎ পৃথিবীর সেরা প্রবৃদ্ধি অর্জনকারী দেশের একটি। বিশ্বের ২ কোটি জনসংখ্যার ১১৮টি দেশের মাত্র ১২টি দেশ ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এর বর্তমান অর্থনৈতিক অগ্রগতি সত্যিকার অর্থেই প্রশংসিত।
সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন ‘সংখ্যার বিচারে প্রবৃদ্ধি কত হলো তা বড় বিষয় নয়। প্রবৃদ্ধি ৬ দশমিক ৫, ৬ দশমিক ৮ অথবা ৭ দশমিক শুন্য বা ৫ শতাংশ যাই হোক এটা মূখ্য বিষয় নয়। বাংলাদেশের অব্যাহতভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করাটাই মূল বিষয়। আর প্রবৃদ্ধির গতি বৃদ্ধি পাওয়া মানে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে’।
তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব দিয়ে সরকার বলছে, এ বছর দেশে ৭ দশমিক শুন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে চলতি বছরের প্রবৃদ্ধির কোন প্রাক্কলিত হিসাব সংস্থাটির পক্ষ থেকে দেওয়া হয়নি।
আগামী অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক।
এ সময় বাংলাদেশের সার্বিক অর্থনীতির সূচক যেভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে চিমিয়াও আশা প্রকাশ করেন,আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তবে এর জন্য তিনি অবকাঠামো বিশেষ করে জ্বালানী ও পরিবহন খাত বিনিয়োগ বৃদ্ধি,ব্যক্তিখাতের বিনিয়োগ সম্প্রসারণ,ব্যবসায় পরিবেশের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে মানবসম্পদের উন্নয়নের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
সম্মেলনে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন
বলেন, জিডিপির প্রবৃদ্ধি যে সংখ্যায় আমরা বিশ্বাস করি না কেন, চলতি বছর যেটা হয়েছে আন্তর্জাতিক মানদন্ডে সেটা অনেক ভাল। পাশাপাশি আর্থিক খাতে আস্থার যে সংকট ছিল,ইতোমধ্যে তা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।
বিশব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় আছে। বিশেষ করে-মূল্যস্ফীতি,মুদ্রা বিনিময় হার ও সুদহারের ক্ষেত্রে। তবে রাজস্বনীতি ও উন্নয়নব্যয়ের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ রয়েছে। রাজস্ব নীতির ক্ষেত্রে রাজস্ব আদায় এবং উন্নয়ন ব্যয়ের ধীরগতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
জাহিদ হোসেন বলেন, অর্থনীতিকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় চাবিকাঠি হলো-জ্বালানী অবকাঠামো এবং প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে উন্নতি করতে হবে। তিনি জ্বালানী খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এ্যাডহক ব্যবস্থার পরিবর্তে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে মূল্য নীতি নির্ধারণে সংস্কার আনার পরামর্শ দেন। বলেন,মূল্য নির্ধারণের বিষয়টি যদি বিনিয়োগকারীদের কাছে অস্পষ্ট থাকে,তাহলে তারা বিনিয়োগে উৎসাহ পাবেন না।
ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে বিশ্বব্যাংক কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে সহযোগিতা চাইলে আমাদের পক্ষ থেকে অব্যশই সাড়া দেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা











