পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির অর্থবছর জুলাই-জুন করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত সব কোম্পানিকে তাদের আর্থিক হিসাব বছর জুলাই-জুন করতে হবে। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭০তম কমিশন সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেয়া হয়।এ বিষয়ে শিগগিরই একটি নির্দেশনাও জারি করা হবে বলে জানিয়েছে কমিশন। এর ফলে কোনো কোম্পানি তাদের ইচ্ছে মতো অর্থবছর হিসাব করতে পারবে না। তবে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান এ আদেশের বাহিরে থাকবে।

কমিশন সূত্রে জানা গেছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্ট-২০১৬ (অ্যাক্ট নং. ২০১৫ এর এক্স) অনুযায়ী দেশে অবস্থিত সব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতিত আয়কর প্রদানকারী সব তালিকাভুক্ত কোম্পানিকে একই অর্থবছর অর্থাৎ জুলাই থেকে জুন অনুসরণ করতে হবে।যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করতে হবে। ফাইন্যান্স অ্যাক্ট পরিপালনের লক্ষ্যে উল্লেখিত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কতিপয় সিকিউরিটিজ আ্ইন পরিপালনে বাধ্যবাধকতা থেকে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত অব্যাহতি প্রদান করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
জানা গেছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির নিজস্ব অর্থবছর রয়েছে। যা সরকারের অর্থবছরের হিসাবের সঙ্গে গড়মিল হয়। তাতে রাজস্ব আদায়ে সমস্যা হয়। আর এ কারণে এ জটিল পরিস্থিতি উত্তরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুসারে কোম্পানিগুলোকে তাদের হিসাববছর পরিবর্তন করতে হবে। এনবিআরের নির্দেশনায় পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।











