প্রধানমন্ত্রীর অভিযোগ নির্জলা অসত্য ও মনগড়া : জামায়াত
নিজস্ব প্রতিবেদক : কলাবাগানে জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকানণ্ডের জন্য জামায়াত-বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় গণভবনে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, কলাবাগানের জোড়া খুনসহ দেশে সংঘটিত কোনো হত্যাকাণ্ডের সাথেই জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে নির্জলা অসত্য অভিযোগ উত্থাপন করেছেন।

ডা. শফিক আরো বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই দেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াতের পরিকল্পিতভাবে গুপ্তহত্যা চালানোর প্রশ্নই আসে না। গুপ্তহত্যা চালানো কিংবা মানুষ পুড়িয়ে হত্যা করার সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করেছেন সেগুলো তার মনগড়া।
তিনি বলেন, দেশবাসী সবাই জানেন, দেশে কোনো অঘটন ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে ষড়যন্ত্রমূলকভাবে অসত্য বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা পানি ঘোলা করে থাকেন। ইতোপূর্বেও আওয়ামী লীগের নেতারা জামায়াতের বিরুদ্ধে এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করে পানি ঘোলা করার অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু তাদের কোনো বক্তব্যেরই এখন পর্যন্ত তারা সত্যতা প্রমান করতে পারেননি। তাদের এ বক্তব্যও অসত্য প্রমানিত হবে ইনশাআল্লাহ।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোনো ঘটনা সংঘটিত হলেই সুষ্ঠু তদন্তের আগেই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিলে তাতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পথ রুদ্ধ হয়ে যায়। ফলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এতে সন্ত্রাসীরা উৎসাহের সাথে আরো সন্ত্রাস চালাতে থাকে। কাজেই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াতের এই নেতা বলেন- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে পার পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে অসত্য বক্তব্য দিয়ে জনগণকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না।
ইতোপূর্বে দেশে ইতালি ও জাপানি নাগরিকসহ বহু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু কোনো হত্যারই বিচার হয়নি। সে কারণেই দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।বিবৃতিতে আরো বলা হয়- দেশবাসী সবাই জানেন, গুপ্ত হত্যা, সন্ত্রাস, গুম, অপহরণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুনাখুনি, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাড়ি-ঘরে হামলা ও জমি-জমা দখলের সাথে আওয়ামী লীগের লোকেরাই জড়িত। আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে দেশবাসী আশা করে।রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অসত্য অভিযোগ উত্থাপন করা থেকে বিরত থেকে কলাবাগানের জোড়াখুনসহ সম্প্রতি সংঘটিত সকল হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনানুগ শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।











