রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক : প্রত্যাহার করে নেওয়া হয়েছে রাজশাহীতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্ঘঘট। শনিবার রাত পৌনে ৯টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়।রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি করা হয়েছিল তা পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট তুলে নেওয়া হয়। ধর্মঘট প্রত্যাহার করায় রোববার (২৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানান মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বৈঠকে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগ এনে শনিবার (২৩ এপ্রিল) ভোর ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন।











