সুন্দরবনে আগুন: ওসিসহ ৩ জন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জর ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লাগার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিনসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিন, বোটম্যান মোবারেক হোসেন ও সালাত মজুমদার।
শনিবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম তাদের বরখাস্ত করেছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম দুপুরে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসিসহ তিন জনকে শাস্তি হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঊর্ধ্বতন ওই বন কর্মকর্তা আরও বলেন, গত ২১ দিনে একইস্থানে তিন বার আগুন লাগে। যা প্রতিবারই বন এলাকায় অবৈধ্যভাবে প্রবেশ করে ধরানো হয়েছে। এটি সংশ্লিষ্ট বন এলাকার দায়িত্বে থানা কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বহীনতার পরিচয় প্রমাণ করে। সে কারণেই তাদের শাস্তিস্বরুপ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সর্বশেষ গত ১৭ এপ্রিল সুন্দরবনে নাংলী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৩ এপ্রিল বুধবার ও গত ২৮ মার্চ রোববার সন্ধ্যার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার নাংলী ক্যাম্পের শিকদারের চিলা আগুন লাগার ঘটনা ঘটে।











