ভূমিকম্প মোকাবিলায় আগাম সতর্কীকরণ যন্ত্র স্থাপনের উদ্যোগ
ভূমিকম্প মোকাবিলায় আগাম সতর্কীকরণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভূমিকম্প থেকে প্রাণহানি রক্ষায় ঢাকায় জাতীয় ভূমিকম্প উদ্ধারকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে ভূমিকম্পের আরও যন্ত্রপাতি কেনার বিষয়টি আলোচনায় রয়েছে। এসব বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হবে।
একাধিক কর্মকর্তা জানান, স্বাধীন হওয়ার ৪৫ বছর অতিবাহিত হলেও বাংলাদেশে ভূমিকম্পের আগাম সতর্কীকরণে কোনো যন্ত্র নেই। ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ থাকলেও নেই জাতীয় ভূমিকম্প উদ্ধারকেন্দ্র। অথচ ভূমিকম্প মোকাবিলার প্রয়োজনীয় যন্ত্রাপতি নেই। দুর্যোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভূমিকম্পবিষয়ক দেশি ও বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে ভূমিকম্প মোকাবিলায় আর কী কী ধরনের যন্ত্র প্রয়োজন, তার তালিকা প্রস্তুত করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের কাছে কী কী যন্ত্র রয়েছে, তা নিয়েও পর্যালোচনা করা হবে। সূত্র মতে, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজও চলতি বছরে শুরু করা হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্রে জানা গেছে, ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেড় শতাধিক কোটি টাকার আধুনিক যন্ত্র কেনা হয়েছে। আরও কেনার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
জাতিসংঘ পরিচালিত ‘রিস্ক অ্যাসেসমেন্ট টুলস ফর ডায়াগনসিস অফ আরবান অ্যারিয়াস এগেইন্সট সিসমিক ডিজাস্টার (রেডিয়াস)’ জরিপ অনুযায়ী ভূতাত্ত্বিক ঝুঁকিপূর্ণ বিশ্বের ২০টি নগরীর মধ্যে ঢাকা অন্যতম। কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুরসহ এর আশপাশ এলাকা। জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপির তথ্যমতে, রাজধানী ঢাকার অর্ধেকের বেশি ভবনের বয়স ৩০ বছরের বেশি। মোট ভবনের প্রায় ৪০ শতাংশই ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প নিয়ে কাজ করছে, এমন বেসরকারি সংস্থারগুলোর জরিপ অনুযায়ী, ঢাকার দুই সিটি কর্পোরেশন অঞ্চলের ৩ লাখ ২৬ হাজার ভবনের ওপর সমীক্ষা থেকে জানা গেছে, ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আরও ৮৫ হাজার মাঝারি ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হবে। এতে নিহতের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৪ লাখে। শুধু ভবন ভাঙার কারণেই ক্ষয়ক্ষতি হবে ৬ বিলিয়ন মার্কিন ডলারের সমমান সম্পদ।











