ছাত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো টিএসসিতে
নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে পুলিশের গুলিতে ৬ জন খুন, তনু হত্যা, সারাদেশে অব্যাহত খুন ধর্ষণ লুটপাটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তার কুশপুত্তিলিকা পুড়িয়েছে বাংলাদেশ ছাত্র ফেড়ারেশন। পাশাপাশি তারা মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

এর আগে ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।সমাবেশে ছাত্র ফেড়ারেশনের সভাপতি সৈকত মল্লিক বলেন, সারাদেশে একের পর এক খুন ধর্ষণের ঘটনা ঘটে চলছে। কোনোটারই বিচার হয়নি। দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। বাঁশখালীতে নিজেদের বসতভিটা রক্ষার জন্য আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছে। ৬ জনকে হত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।
তনুর লাশের ছবি দেখার পরে ধর্ষণ করা হয়েছে বুঝা গেলেও রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই বলা হয়েছে। রাষ্ট্র এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।এসময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।











