শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম রক্ষায় মাঠে নেমেছে হেফাজত

 

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের আন্দোলনের জন্য মাঠে নামিনি। ইসলামের জন্য, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার জন্য আজ মাঠে নেমেছি, এমনটাই মন্তব্য করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।শুক্রবার বাদ জুমা রাজধানীর লালবাগ চাঁনতারা মসজিদের সামনে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

2016_03_25_18_23_20_GKkgihuIfeQCdVhf2J58vidKwgxVlw_original

 

সরকারের উদ্দেশ্যে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমরা সরকার পতনের আন্দোলনের জন্য মাঠে নামিনি। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো আজ আমাদের মাঠে নামতে বাধ্য করেছে। সংবিধানে ইসলাম বহাল রাখার জন্য আমরা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের আবেদেন থাকবে এবং দেশের মানুষের আবেদন থাকবে এই রিট খারিজ করে দেবেন। কারণ এই রিটের মাধ্যমে দেশের শৃঙ্খলা নষ্ট হয়েছে। এই ইরট দাখিলকারীরা শৃঙ্খলা বিরোধী অপরাধ করেছে। নিজেরাই সংবিধান বিরোধী কাজ করেছেন। তাই আপিল বিভাগের কাছে ১৬ কোটি মানুষের প্রত্যাশা এই রিট খারিজ করে দেবেন।’

 

 

তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলেছি- মানুষের মতের, মানুষের মর্যাদা দিন। ইসলামের মর্যাদা সমুন্নত করুন। আমরা আইন মানি, সংবিধান মানি, সরকার মানি। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।’

 

 

সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ‘কুচক্রিমহল পরিকল্পিতভাবে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেয়ার পর এখন রাষ্ট্রধর্ম ইসলামও বাদ দেয়ার পাঁয়তারা করছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এই ঘৃণ্য পদক্ষেপ মুসলমানদের ঈমানহারা করার সাম্রাজ্যবাদী এজেন্ডা। এর মাধ্যমে মুসলমানদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতা ও জাতীয় ঐক্য ধ্বংস করা হচ্ছে।’

 

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘কোনো রাজনৈতিক কারণে নয়, বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষার তাগিদেই আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। আশা করি, সরকার জেনেশুনে এই আত্মঘাতী ফাঁদে পা দেবে না।’হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আলতাফ হোসাইন বলেন, ‘ইসলাম ধর্মকে সর্বস্তর থেকে নির্মূল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এই মহলটিই রাষ্ট্রধর্ম বাতিল করার চক্রান্ত বাস্তবায়নে আদালতে রিট করেছে। আগামী ২৭ তারিখে (২৭ মার্চ) এই রিট শুনানি হবে। আমরা প্রত্যাশা করি, সংখ্যাগরিষ্ঠ জনমতের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে আদালত এই রিট খারিজ করে দেবেন। যদি তা না হয়, তাহলে ২৮ মার্চ আল্লামা আহমদ শফির নেতৃত্বে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে। তখন যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।’

 

 

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আবুল কাসেম, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আসলাম রহমানী প্রমুখ।এর আগে লালবাগ শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শায়েস্তাখান রোড, হরনাথ ঘোষ রোড, উর্দ্দুরোড প্রদক্ষিণ করে পুনরায় চাঁনতারা মসজিদে গিয়ে শেষ হয়।