অধ্যাপকদের ২৫ শতাংশ গ্রেড-১ এ পদোন্নতি পাবেন: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মোট ২৫ শতাংশ গ্রেড-১ এ পদোন্নতি পাবেন। তবে এ জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন পর এ বিষয়টি নিয়ে একটা সমাধানে পৌঁছা গেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ওই বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষে সংগঠনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বৈঠকে অংশ নেন।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটা সমাধানে পৌঁছা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গ্রেড-২ থেকে গ্রেড-১ এ এবং গ্রেড-৩ থেকে থেকে গ্রেড-২ এ পদোন্নতি পাবেন। তবে মোট অধ্যাপকদের ২৫ শতাংশ গ্রেড-১ এ পদোন্নতি পাবেন। এ জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো, প্রথম গ্রেডে উন্নীত হতে হলে দ্বিতীয় গ্রেডে অন্তত দুই বছর চাকরি করতে হবে; সর্বমোট চাকরি বয়স হতে হবে ২০ বছর।
অর্থমন্ত্রী বলেন, এখন একটি কার্যপত্র তৈরি করা হবে। তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। পরে আরও কিছু কাজ রয়েছে, তারপর এটা কার্যকর হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, আজকের সিদ্ধান্তে তাঁরা খুশি। এ নিয়ে তাঁদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে তাঁরা আরও খুশি হবেন, যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেডের পদ সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, ২৯ মার্চ শিক্ষক সমিতি ফেডারেশনের সভা আছে, সেই সভায় ফেডারেশনের পূর্ণাঙ্গ অবস্থান জানানো হবে।











