শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ শুরু হচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় এবছরও দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদযাপন করতে যাচ্ছে দেশের একমাত্র দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপি সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।

durnitir-birudde-ruke-daran

আগামী শনিবার (২৬ মার্চ) থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হবে। দুদকের প্রধান ‌কার্যালয়ের পাশাপাশি স্থানীয়ভাবে দেশের সকল মহানগর, জেলা ও উপজেলায় নানা আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেলে দুর্নীতি বিরোধী টকশোর আয়োজন থাকবে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৮টায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবারের প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করবেন। এবছরের গৃহীত কর্মসূচি সবার সহযোগিতায় ঢাকাসহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে জনগণের মাঝে দুর্নীতিবিরোধী নবজাগরণ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবার ঢাকায় গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- দুদক চেয়ারম্যানের উপস্থিতিতে ২৬ মার্চ সকাল পৌনে ৮টায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর উদ্বোধন শেষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ওই দিন দুপুর সাড়ে ১২টায় ‍দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে কার্টুন ও পোস্টার প্রদর্শনী। পরদিন ২৭ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথগ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতি অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

 

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ এর বিজয়ী সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার (২৮ মার্চ) দুপুর আড়াইটায়। মঙ্গলবার ( ২৯ মার্চ) সকাল ১০টায় থাকবে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন। একইভাবে বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসদুজ্জামান নুর এবং বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপস্থিত থাকবেন ডা. আনিসুজ্জামান। সর্বশেষ শুক্রবার (১ এপ্রিল) জাতীয় মসজিদসহ সকল মসজিদে প্রাক-জুমায় দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান করা হবে।