বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়াল সড়ক হবে নটর ডেম থেকে কদমতলী পর্যন্ত

 

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা মহানগরে যানজট নিরসনে নটর ডেম কলেজের সামনে থেকে কেরানীগঞ্জের কদমতলী পর্যন্ত একটি উড়াল সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অষ্টম বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

185013okader

প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে উড়াল সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।সেতুমন্ত্রী বলেন, “রাজধানীর সাতরাস্তা-মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ আগামী ৩০ মার্চ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া ফ্লাইওভারের বাংলামোটর থেকে রাজারবাগ পর্যন্ত এবং রামপুরা আবুল হোটেল থেকে শান্তিনগর পর্যন্ত অংশ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষে হবে।”

 

 

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করবেন।মন্ত্রী জানান, নগরবাসীর সুবিধার্থে ও যানজট নিরসনে আরও দুটি মেট্রোরেল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ইতোমধ্যে মেট্রোরেল রুট-১ ও রুট-৫ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জাইকার সঙ্গে ১০ মার্চ ‘মিনিটস্ অব ডিসকাশন’ বা এমওডি সই করা হয়েছে।

 

 

২৭ মার্চ উত্তরা থেকে শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের ডিপো নির্মাণসহ আনুসঙ্গিক কাজের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বরেণ, এর মধ্য দিয়ে দেশের যোগাযোগ খাতে আরও একটি স্বপ্নের বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ডা. এনামুর রহমান ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন।

 

সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসনসহ ডিটিসিএ পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর