বাংলাদেশে জিকা ভাইরাস, উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ
নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথম বারের মতো জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো। তবে এখন শনাক্ত হলেও ঘটনাটি ২০১৪ সালের। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে জিকা ভাইরাসের ব্যাপারটি প্রকাশ করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি-বিষয়ক ব্রিফিং করছিলেন।
রোগ তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান জানান, জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বয়স ষাটের উপরে। তিনি চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তখনো জিকা ভাইরাসের কোনো আলোচনা ছিল না। জিকার উপসর্গ ডেঙ্গু জ্বরের মতোই। এ কারণে ওই ব্যক্তিকে ডেঙ্গু হিসেবেই শনাক্ত করা হয়। কিন্তু সম্প্রতি ব্রাজিলসহ বিশ্বের কয়েকটি দেশে জিকার ভাইরাসের সংক্রমণের পর এবং আক্রান্তদের লক্ষ্মণ দেখে সন্দেহবশত কিছু পুরনো স্লাইড বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ পাঠানো হলে তারা চট্টগ্রামের ওই ব্যক্তিকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে শনাক্ত করে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহাখালীর আইসিডিডিআরবি, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের স্লাইডগুলোও পর্যালোচনা করা হয়।
অধ্যাপক মাহমুদুর রহমানের এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি ২০১৪ সালের আগস্টের। আর কোনো কেসে জিকার ভাইরাস পাওয়া যায়নি। তিনি বলেন, জিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সম্প্রতি এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাবধান থাকতে হবে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, জিকা ভাইরাস ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস (এডিস এজিপটি ও এডিস অ্যালবোপিকটাস) জাতীয় মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। এ প্রজাতির মশা দিনের বেলায় বেশি আক্রমণাত্মক তবে রাতেও এগুলো কামড়াতে পারে। ডেঙ্গু জ্বরে যে চিকিৎসা জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরও একই ধরনের চিকিৎসা হবে। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে তা থেকে অন্যদের আক্রান্ত করতে পারে। আক্রান্ত গর্ভবতী মা থেকে নবজাতকে ভাইরাসটি চলে আসে। আক্রান্ত সঙ্গীর সাথে যৌন মিলনের মাধ্যমে একজন আক্রান্ত হতে পারে।
জিকার সুপ্তিকাল তিন থেকে ১২ দিন। কোনো প্রকার লক্ষ্মণ প্রকাশ না করেই এ সময় জিকা শরীরে থাকতে পারে এবং অন্যদের আক্রান্ত করতে পারে।











