বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬৫টি নতুন বই যোগ হচ্ছে সংসদ লাইব্রেরিতে

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরির জন্য নতুন বই কেনার উদ্যেগ নিয়েছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। ৩০৯টি শিরোনামে ৩৬৫ কপি নতুন বই কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কমিটি।সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত লাইব্রেরি কমিটির সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Sangshad_2

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, মোহাম্মদ হাছান মাহমুদ, এনামুল হক ও কাজী রোজী।
বৈঠক সূত্র জানায়, নতুন বই ক্রয়ের ক্ষেত্রে সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে প্রকৃত প্রকাশকের নিকট হতে মূল কপি ক্রয় করার জন্য ক্রয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়াও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার লক্ষ্যে অ্যাকশন প্ল্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের আমব্রেলা প্রজেক্টের অন্তর্ভুক্ত লাইব্রেরির অভ্যন্তরীণ সাজসজ্জার বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে।
বৈঠক সূত্র আরো জানায়, সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কমিটির একজন সদস্যের নেতৃত্বে ও টেকনিক্যাল দক্ষতাসম্পন্ন কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে একটি টিম গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সচিব গোলাম মোস্তফা (অতিরিক্ত সচিব), গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর