৬৮০ ইউপিতে বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৬৮০টি নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে আজ মঙ্গলবার প্রথম পর্বে এসব ইউপিতে ভোট নেয়া হবে।
ভোট গ্রহণ উপলক্ষে শনিবার রাতে ৬০৮টি ইউপিতে বিজিবি পাঠানো হয়। সোমবার সকালে আরও ৭২টি ইউপিতে মোতায়েন করা হয় বিজিবি।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানান, উপকূলীয় এলাকাগুলোতে বিজিবি মোতায়েনের কথা ছিল না। তাই প্রথমে ৬০৮টি ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরে ভোলা, বরগুনাসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়।
মহসীন রেজা আরও জানান, প্রথম ধাপে ইউপি নির্বাচনের পরের দিন বুধবার সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।











