বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শকুনের দোয়ায় কখনো গরু মরে না : প্রধানমন্ত্রী

Pmনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘হাসিনাবিহীন নির্বাচন’ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাখে আল্লাহ মারে কে। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আল্লাহ যত দিন জীবন রেখেছেন, তত দিন দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবেন। কোনো ষড়যন্ত্রই তাঁকে রুখতে পারবে না।

আজ রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া বলেছেন, হাসিনাবিহীন নির্বাচন করবেন। তার মানে আরেকটি ২১ আগস্টের মতো ষড়যন্ত্র করছেন কি না, এটাই আমার প্রশ্ন? এ ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই। উনি তো ষড়যন্ত্র-চক্রান্ত ছাড়া আর কিছুই বোঝেন না। দলটির জন্মই হত্যা-ক্যুর মাধ্যমে। অগণতান্ত্রিক পন্থায়।’

‘ঢাকার বাইরে আন্দোলন সফল হয়েছে’—খালেদা জিয়ার এমন দাবির জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে আন্দোলনের নামে অনেক মানুষকে হত্যা করতে পেরেছেন, এটাই কী তাঁর বড় তৃপ্তি? ওই সময় ১৫-১৬টি জেলায় বিএনপি-জামায়াত জোট তাণ্ডব চালিয়েছে। শত শত মানুষকে পুড়িয়ে মেরে এখন উনি তৃপ্তির ঢেকুর তুলছেন! আসলে এরা মানুষ নয়, মানুষ নামের অমানুষ।’ হাসিনাবিহীন নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী ২১ আগস্ট গ্রেনেড হামলার আগের কিছু ঘটনা জাতির সামনে তুলে ধরেন। ‘ওই হামলার আগেও বিএনপি নেত্রীসহ তাঁর দলের নেতারা কী ইঙ্গিত দিয়েছিলেন? ২১ আগস্ট ঘটনার আগে বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্য হুমকি দিলেন, ১৫ আগস্ট বাপ যে পথে গেছে, আমাকেও সেই পথে যেতে হবে! এরপর বিএনপি নেত্রী (খালেদা জিয়া) বললেন, আমি প্রধানমন্ত্রী কেন, কোনো দিন বিরোধী দলের নেতাও হতে পারব না। আমার অস্তিত্ব থাকবে না, এটা জেনেই উনি এ কথা বলেছিলেন।’

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছানোর ইঙ্গিত দিয়ে সভাপতি শেখ হাসিনা বলেন, ‘দলের জাতীয় কাউন্সিলের তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়। কিন্তু এখন সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। নির্বাচনের সময় কাউন্সিল হলে তৃণমূল থেকে আমাদের কাউন্সিলর ও ডেলিগেটদের আসতে অসুবিধা হবে। অনেকে আসতে পারবেন না। এ জন্য সম্মেলনের সময় কিছুটা সময় পিছিয়ে দিয়ে সুবিধাজনক একটি তারিখ নির্ধারণ করতে হবে। আর সম্মেলনের আগে জাতীয় কমিটির একটি মিটিং ডাকা হবে। জাতীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আমরা উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করব। তারপর যৌথ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তগুলো গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির জন্য সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত করা হবে।’

সূচনা বক্তব্যে বিএনপির সম্মেলনে খালেদা জিয়ার ২০৩০ সাল নাগাদ ভিশন ঘোষণা ও মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকারের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন অনেকেই আমাদের নীতি ও ভিশন অনুসরণ করছে। বিএনপি নেত্রী বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, তা স্বীকার করেছেন। কিন্তু এটা যে আওয়ামী লীগের আমলেই সম্ভব হচ্ছে এটা স্বীকার করলে ভালো হতো। এখন অনেক কথা বলে। কিন্তু তাদের আমলে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, জঙ্গিবাদ সৃষ্টি করে গেছে, দেশের জনগণের জন্য কিছু করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষকে দেওয়ার জন্য, আর বিএনপিসহ অন্যরা আসে নিজেরা নেওয়ার জন্য—দেশবাসীকে এই তফাতটা লক্ষ্য রাখতে হবে।’ প্র/আ