বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ‘বনবন্ধু’ লাল-সবুজে মোড়া

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিতে রাজশাহী থেকে ঢাকায় এসেছেন ‘বনবন্ধু’ জাহিদুর রহমান ইকবাল। কাউন্সিলকে ঘিরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে তিনি ছিলেন চোখে পড়ার মতো একজন ভিন্ন রঙের মানুষ। দলের প্রতি মানুষের ভালোবাসা যে কত অসীম হতে পারে, সে কথার প্রমাণ আজ তার পোশাকের মধ্যেই ফুটে উঠেছে।

2016_03_19_18_49_20_KGbVRPBsEkwGZxbyhEjhEbexDTjDDn_original

জাহিদের সঙ্গে কথা বলার সময় দেখা যায়, তিনি মাথায় টুপি, শার্ট-প্যান্ট এবং স্যু এর আদলে একেবারেই ফরমাল সাজে কাউন্সিলে যোগ দিতে এসেছেন। তার ব্যবহৃত টুপির রঙ লাল-সবুজ। চশমার ফ্রেমটিও লাল। শার্টের কলার এবং গলায় ঝুলে থাকা টাইও টকটকে লাল। তবে পরনের শার্টটি সবুজ। পকেটে থাকা চারটি কলমের মধ্যে দুটির লাল এবং দুটি সবুজ রঙের।রঙের বাহারে বাদ যায়নি তার কোমড়ে বাঁধা বেল্ট কিংবা ঘড়িও। এগুলোও সবুজ। পরনের প্যান্টটি চকচকে লাল আর জুতাজোড়া সবুজ।

 

 

তার হাতে ধরা স্যামসাং এর মাল্টিমিডিয়া মোবাইল ফোন। মোবাইলের ব্যাক কাভারটিও লাল!তবে এখানেই লাল-সবুজ রঙের ব্যবহার শেষ নয়। ইকরাম জানালেন, আজ শনিবার (১৯ মার্চ) কাউন্সিলে অংশ নিতে তিনি যে গাড়িতে করে এখানে এসেছেন সেই গাড়িটিও ছিল লাল রঙে আবৃত।লাল-সবুজের পতাকা এবং বিএনপির দলীয় পতাকায় লাল-সবুজ রঙের যে দখল রয়েছে সেখান থেকে তিনিও এই রঙকে আঁকড়ে ধরতে উদ্বুদ্ধ হয়েছেন।

 

 

‘বনবন্ধু’ জাহিদ আরও জানান, জাতীয় পতাকার লাল-সবুজ রঙের মিশ্রণে বিএনপির পতাকা বানিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই অমর জিয়ার সৈনিক আমরা, তার আদর্শে পরিচালিত হতে চাই। তাই দেশ এবং দলের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে আমি সবসময়ই লাল-সবুজকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলতে চাই। সে কারণেই লাল-সবুজ রঙের আদলে মুড়ে থাকি সবসময়।জাহিদুর রহমান ইকবাল বর্তমানে রাজশাহী জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপিই তাকে ‘বনবন্ধু’ আখ্যা দিয়েছে।

 

তিনি জানান, নবম শ্রেণিতে যখন পড়েন তখন থেকেই তিনি গাছ লাগিয়ে যাচ্ছেন। বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, মাদরাসায় সাত লক্ষাধিক গাছ লাগিয়েছেন তিনি। বাগমারা এলাকায় তাকে বনবন্ধু নামেই চেনে। শুধু তা-ই নয়, ভোটার আইডিতে তার নাম ‘বনবন্ধু জাহিদুর রহমান ইকবাল’!