বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীর সেই ভবন বাস অযোগ্য ঘোষণা

fire-banani_jugantor_7245_0_7299নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে গ্যাস লাইনের ছিদ্র থেকে লাগা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিকে বসবাসের অযোগ্য ঘোষণা করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল।

শুক্রবার বিকালে অধ্যাপক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা ভবনটি ঝুঁকিপূর্ণ ও বসবাসের জন্য অযোগ্য ঘোষণা করেন। এ সময় রাজউকের চেয়ারম্যান জিএম জয়নুল আবেদীনও সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির চারতলায় আগুন লাগে। ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দারা জানায়, রাস্তায় ওয়াসার পাইপ বসানোর কাজ চলছিল। সেখানে গ্যাসের লাইন ফুটো হয়েছে। এ থেকে আগুন লেগে থাকতে পারে।

ভবনের বাসিন্দা নাসের মোহাম্মদ খান বলেন, রাত পৌনে ২টার দিকে হঠাৎ বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভাঙে। পরে আগুন আগুন চিৎকারে আতংকে সবাই ছাদে উঠে পড়ি।

বাড়ির মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, রাস্তায় গ্যাস লাইন থেকে গ্যাস লিক করেছিল। আগে থেকেই গ্যাসের গন্ধ আসছিল। বিষয়টি আমরা তিতাস গ্যাসের লোকজনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, অগ্নিকাণ্ডে কেউ মারা গেছে বলে তারা খবর পাননি। ভবনের সব বাসিন্দাকেই উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ওই বাড়ির একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস লাইন থেকে আগুন লেগেছে কি না, এ ব্যাপারে তদন্ত চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিতাস গ্যাসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মেয়র আনিসুল হক।

এ জাতীয় আরও খবর