বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন তিনি। পরে একই স্থানে বই মেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করবেন। দুপুরে তিনি টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিশু সমাবেশের জন্য তৈরি করা হয়েছে বিশালাকৃতির প্যান্ডেল।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবসে টুঙ্গীপাড়ার জাতীয় অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলাগুলোতে নানা কর্মসূচি পালিত হবে।
গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফজলুল করিম জানান, শিশু দিবস অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, নির্ধারিত বক্তৃতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ ১২ বিষয়ে বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ২৪ জন শিশু প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।
গোপালগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি টুঙ্গীপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তাই পুরো টুঙ্গীপাড়ায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।











