মুরগিসহ পিকআপ ছিনতাই,চালক-হেলপারকে অজ্ঞান করে
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে চালক ও হেলপারকে অজ্ঞান করে ১৩০০ মুরগিসহ একটি পিকআপ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে চালক ও হেলপারকে নিমতলা এলাকা থেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। তারা হলেন- পিকআপ চালক খুলনার নিরালা এলাকার বাদল শেখ (৪৫) ও হেলপার রূপসা এলাকার মাসুদ রানা (২৬)।

মুরগি ব্যবসায়ী খুলনার নুর স্টোরের ম্যানেজার মো. তৈয়াবুর রহমান জানান, মঙ্গলবার রাতে পিকআপে করে ১৩শ মুরগি নিয়ে খুলনা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন চলক ও হেলপার। পরে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোপালগঞ্জ সদর থানার এসআই মুকুল জানান, পিকআপটি সদর উপজেলার নিমতলায় পৌঁছালে চালক-হেলপারকে মারধর ও অজ্ঞান করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে মুরগিসহ পিকআপটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে স্থানীয়রা চালক বাদল শেখ ও হেলপার মাসুদ রানাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। অজ্ঞান থাকায় তাদের কাছ থেকে কোন তথ্য উদ্ধার করা যায়নি।











